মাদকাসক্ত স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুন

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২০, ২১:২১

কালিয়াকৈরে মাদকাসক্ত স্বামী এলোপাতাড়ি ছুরিকাঘাতে সালমা আক্তার (২২) নামের এক গার্মেন্টস কর্মীকে খুন করেছে। বৃহস্পতিবার সকালে উপজেলার পল্লী বিদ্যুত্ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সালমা গাইবান্ধা জেলার শাখাহাটা থানার মুক্তিনগর গ্রামের মো. লিটন মিয়ার স্ত্রী। পল্লী বিদ্যুত্ এলাকার আব্দুল বাসেদের বাড়ির ভাড়াটিয়া ছিল লিটন ও সালমা। ঘাতক স্বামী লিটনকে আটক করেছে পুলিশ।

জানা যায়, পারিবারিক কলহের জেরে মাদকাসক্ত লিটন তার স্ত্রী সালমা আক্তারকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। আশপাশের লোকজন ছুটে এসে লিটনকে হাতেনাতে ধরে ফেলে। খবর পেয়ে কালিয়াকৈর থানা পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে যায়। কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মনোয়ার হোসেন বলেন, এ ঘটনায় নিহতের বাবা শাহ আলম বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।