গাইবান্ধার গোবিন্দগঞ্জের শিশু রাফসান সামির (৩) হত্যা মামলায় তিন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। এছাড়া প্রত্যেকের ১ লাখ টাকা করে জরিমানা অনাদায়ে আরো ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেওয়া হয়। বৃহস্পতিবার দুপুরে গাইবান্ধা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক দিলীপ কুমার ভৌমিক এ দণ্ডাদেশ দেন। সাজাপ্রাপ্তরা হলেন, গোবিন্দগঞ্জের উপজেলার রোয়াগাঁও গ্রামের মাহফুজার রহমান (২৫), শালজার রহমান (২৬) ও মফিজুুল ইসলাম (৩৫)। এদের মধ্যে মফিজুল পলাতক রয়েছেন। অপর দুই জন গাইবান্ধা জেলা কারাগারে রয়েছেন।
গাইবান্ধা জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, মামলায় ১৯ জনের সাক্ষ্যগ্রহণের পর বিচারক বৃহস্পতিবার এ রায় প্রদান করেন।
