ঘরোয়া ক্রিকেটারদের মুশফিকের স্যালুট

আপডেট : ০৯ জানুয়ারি ২০১৯, ২১:২৯

স্পোর্টস রিপোর্টার

এক বিপিএল থেকে আরেক বিপিএলের দূরত্ব এক বছরের। এই সময়ের মধ্যে জাতীয় দলে না থাকলে ২০ ওভারের ম্যাচ খেলার কোনো সুযোগ নেই। এই ধরনের উইকেটে ২০ ওভারের ম্যাচ খেলতে কী করতে হবে, সেটাও অনুশীলন করার কোনো উপায় নেই। এই প্রতিকূলতার মধ্যেও হঠাত্ বিপিএল খেলতে নেমে একজন শুভাগত বা আফিফ হোসেন যখন ব্যাটে ঝড় তোলেন, তখন বিস্মিত হয়ে মুশফিক তাদের স্যালুট করেন।

হ্যাঁ, গতকাল সিলেট সিক্সার্সের বিপক্ষে ম্যাচ হারার পর সংবাদ সম্মেলনে এসে ঘরোয়া ক্রিকেটারদের প্রসঙ্গে এই কথাই বলছিলেন মুশফিক। এই ম্যাচেই ৪৫ রান করা আফিফ হোসেন ধ্রুব বললেন, তিনি স্রেফ তার স্বাভাবিক খেলাটা খেলেই রান পেয়েছেন। কিন্তু মুশফিক বলছেন, এই রান করাটা মোটেও সহজ কাজ নয় আফিফদের জন্য, ‘যারা জাতীয় দলের বাইরে আছে তাদের ভালো করাটা কঠিন। সারা বছর কিন্তু এই একটা টুর্নামেন্টই তারা খেলে। এমনকি অনুশীলন ম্যাচও খেলে না। তারা এসেই ক্লিক করাটা তাদের জন্য একটু কঠিন হয়ে যায়। আমরা যারা জাতীয় দলে খেলি আমাদের সঙ্গে তুলনা করলে তো বটেই, আমরা সারা বছরই তিনটা ফরম্যাটে খেলি। এমনকি বাংলাদেশেও খেলি। আমাদের জন্য তুলনামূলক সহজ। এরপরও যারা এসেই ভালো খেলছে তারা আউটস্ট্যান্ডিং, হেটস অব টু দেম। আমরাও তাদের কাছ থেকে শিখতে পারি, তারা কিভাবে খেলছে।’

মুশফিক অবশ্য বোঝেন যে, এই ক্রিকেটারদের হারানোর তেমন কিছু থাকে না বলে তারা সাহসটা একটু বেশি পান। সেটা মনে করিয়ে দিয়ে জাতীয় দলের এই তারকা বলছিলেন, ‘হয়তো কারো কারো হারানোরও কিছু থাকে না। আমাদের অনেককে বাড়তি দায়িত্ব নিয়ে খেলতে হয়। আমার মনে হয় যত দিন যাবে জাতীয় দলের খেলোয়াড়রাও আরও বড় বড় ইনিংস খেলবে এবং তারাই লিড দেবে।’

কয়েকদিন আগে জাতীয় দলের সাবেক তারকা শাহরিয়ার নাফীস বলেছেন, বিপিএলে ভালো করার জন্য স্থানীয় ক্রিকেটারদের একটা টি-টোয়েন্টি টুর্নামেন্ট থাকা উচিত। মুশফিক গতকাল সেই কথাকে সমর্থন জানিয়ে বললেন, ‘আমার মনে হয় এটার (বিপিএল) বাইরেও যদি কোনো টুর্নামেন্ট আয়োজন করা যায়। এরকম একটা স্লট করা যায়, যারা বাইরে তাদের জন্যই না আমাদের জন্যও কাজে দেবে। ঠাসা সূচির কারণে হয়তো কঠিন। কিন্তু যারা বাইরে আছে তাদের নিয়ে একটা টুর্নামেন্ট করলে যেকোনো একটা দল করতেও সহজ হয়। আমার মনে হয় এটা নিয়ে তারা চিন্তা করছেন।’

মুশফিক আরও বলেন, এই ধরনের টুর্নামেন্টের জন্য তারা এক সময় বিসিবিকে একটা প্রস্তাবও দিয়েছিলেন। সে সময় বিসিবির কাছ থেকে ইতিবাচক সাড়াও পেয়েছিলেন বলে জানালেন, ‘আমাদের একটা প্রস্তাবও ছিল, নিজেদের মধ্যেও কথা হচ্ছিল। মল্লিক ভাইও (বিসিবি পরিচালক ইসমাইল হায়দার মল্লিক) বলছিলেন প্রিমিয়ার লিগের সেরা ছয় বা আট দল নিয়ে যদি একটা টি-টোয়েন্টি টুর্নামেন্ট খেলতে পারি তাহলে অবশ্যই ক্রিকেটের জন্য অনেক লাভবান হবে।’