ধামরাই প্রেসক্লাবের সহসভাপতি বেসরকারি টিভি চ্যানেল বিজয় টিভির সাংবাদিক জুলহাস উদ্দিনকে দিনদুপুরে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। এ সময় খুনি শাহিন ও তার সহযোগী মোয়াজ্জেমকে স্থানীয় জনতা হাতেনাতে আটক করে পুলিশে সোপর্দ করে। গতকাল বৃহস্পতিবার ঢাকা-আরিচা মহাসড়কের বারবাড়িয়া বাসস্ট্যান্ডে লোমহর্ষক এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত সাংবাদিক জুলহাসের বাড়ি উপজেলার চারিপাড়া গ্রামে। গ্রেফতারকৃত শাহিন মানিকগঞ্জ সদর উপজেলার বারাহিরচর গ্রামের বিশু মিয়ার ছেলে ও জুলহাসের দ্বিতীয় স্ত্রীর সাবেক স্বামী এবং সহযোগী মোয়াজ্জেম একই উপজেলার ফারিরচর গ্রামের নূর মোহাম্মদের ছেলে।
জানা যায়, গতকাল দুপুরে জুলহাস মানিকগঞ্জ থেকে বাসযোগে বারবাড়িয়া বাসস্ট্যান্ডে নামামাত্র খুনিরা তার মাথার চুল ধরে গলায় ছুরি চালায়। গলাকাটা অবস্থায় জুলহাস দৌড়ে বাঁচার চেষ্টা করলেও শেষ রক্ষা হয়নি। শাহিন ও তার সহযোগী মোয়াজ্জেম রক্তাক্ত জুলহাসকে দৌড়ে ধরে আবার উপর্যুপরি ছুরিকাঘাত করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। মুমূর্ষু অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। এ সময় স্থানীয় জনতা খুনি শাহিন ও তার সহযোগী মোয়াজ্জেমকে আটক করে। এ ঘটনায় এলাকাবাসী ও সাংবাদিকদের মাঝে শোকের ছায়া নেমে আসে। জুলহাসের স্বজনরা খুনি, তার সহযোগী ও জড়িতদের বিচারের দাবি জানিয়েছেন।
ধামরাই থানার ওসি দীপক চন্দ্র সাহা সাংবাদিক জুলহাসের মৃত্যু ও দুই জন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।
