ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহার হলে নির্দিষ্ট কিছু শর্তে বাংলাদেশসহ ২৫টি দেশের নাগরিকদের প্রবেশের অনুমতি দেওয়ার কথা জানিয়েছে সৌদি আরব। সৌদি গেজেট ও আরব নিউজসহ বেশ কয়েকটি সংবাদমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়েছে, সাত শর্তে সৌদি এয়ারলাইনস বিদেশ থেকে সৌদি আরবে কয়েকটি দেশের যাত্রীদের ভ্রমণ করার অনুমতি দেবে। যদিও কখন থেকে এসব দেশের নাগরিকদের সৌদি আরবে প্রবেশের অনুমতি দেওয়া হবে, সে বিষয়ে নির্দিষ্ট করে কিছু জানানো হয়নি।
খবরে বলা হয়েছে, সৌদি আরবে যেতে আগ্রহী সব যাত্রীকে সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়ের ওয়েব সাইট থেকে একটি ফরম পূরণ করতে হবে। তার মধ্যে বিস্তারিত তথ্য লিখে নিচে স্বাক্ষর করতে হবে এবং সৌদি আরবে বিমানবন্দরে নেমে স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্ধারিত ডেস্কে জমা দিতে হবে।
বিমান যাত্রার আগে সাত দিনের জন্য হোম কোয়ারেন্টাইন করতে হবে। চিকিত্সক এবং স্বাস্থ্যকর্মীদের জন্য এই কোয়ারেন্টাইনের মেয়াদ হবে তিন দিন। কোয়ারেন্টাইন শেষ হওয়ার পর চিকিত্সকদের করোনা ভাইরাস নেগেটিভ সার্টিফিকেট লাগবে।
প্রত্যেক যাত্রীকে তাদের মোবাইলে ট্যাটম্যান এবং তাওক্কালনা নামক দুটি অ্যাপ ডাউনলোড করে রেজিস্ট্রেশন করতে হবে। সৌদি আরবে নামার ৮ ঘণ্টার মধ্যে অবশ্যই ট্যাটম্যান অ্যাপটিতে নিজের বাসস্থানের ঠিকানা যুক্ত করতে হবে। পাশাপাশি করোনার উপসর্গ দেখা যাচ্ছে কি না তা লক্ষ্য রাখা, উপসর্গ দেখা গেলেই স্বাস্থ্যকেন্দ্রে যাওয়া বা ৯৩৭ নম্বরে ফোন করা এবং নিয়মিত ভিত্তিতে ট্যাটম্যান অ্যাপের মাধ্যমে স্বাস্থ্য পরীক্ষা করার শর্তও দেওয়া হয়েছে নির্দেশনায়। এছাড়া কোয়ারেন্টাইন থাকাকালে সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশিত ফরম অনুযায়ী পদক্ষেপ গ্রহণ করতে হবে। প্রসঙ্গত, করোনা ভাইরাস প্রাদুর্ভাব শুরু হওয়ার পর গত মার্চ সব ধরনের আন্তর্জাতিক ফ্লাইট নিষিদ্ধ করে সৌদি আরব। পরে কয়েক দফায় এই নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানো হয়। শর্তের আওতায় থাকা বাংলাদেশ ছাড়া বাকি দেশগুলো হলো :সংযুক্ত আরব আমিরাত (ইউএই), কুয়েত, ওমান, বাহরাইন, লেবানন, মিশর, তিউনিসিয়া, মরক্কো, চীন, যুক্তরাজ্য, ইন্দোনেশিয়া, ফ্রান্স, জার্মানি, ইতালি, অস্ট্রিয়া, তুরস্ক, গ্রিস, ফিলিপাইন, মালয়েশিয়া, দক্ষিণ আফ্রিকা, সুদান, ইথিওপিয়া, কেনিয়া ও নাইজেরিয়া।
মালয়েশিয়ায় প্রবেশে নিষেধাজ্ঞার
তালিকায় বাংলাদেশসহ ১২ দেশ
এদিকে করোনার বিস্তার ঠেকাতে মালয়েশিয়ায় প্রবেশে নিষেধাজ্ঞার তালিকায় বাংলাদেশসহ আরো ৯টি দেশকে যুক্ত করা হয়েছে। এ নিয়ে মোট ১২টি দেশের নাগরিকরা এখন মালয়েশিয়ায় প্রবেশ করতে পারবে না।
গতকাল বৃহস্পতিবার দ্য স্ট্রেইটস টাইমসের এক খবরে বলা হয়েছে, মালয়েশিয়ায় প্রবেশে নিষেধাজ্ঞার তালিকায় নতুন করে যুক্ত হয়েছে—বাংলাদেশ, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ব্রাজিল, স্পেন, ফ্রান্স, ইতালি, সৌদি আরব ও রাশিয়াকে। এর আগে গত মঙ্গলবার ফিলিপাইন, ইন্দোনেশিয়া এবং ভারতের নাগরিকদের ওপর একই ধরনের নিষেধাজ্ঞা দেওয়া হয়। আগামী ৭ সেপ্টেম্বর থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে। দেশটির জ্যেষ্ঠ মন্ত্রী ইসমাইল সাবরি ইয়াকুব গতকাল এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, যেসব দেশে ১ লাখ ৫০ হাজারেরও বেশি করোনা রোগী আছে সেসব দেশকে নিষেধাজ্ঞায় অন্তর্ভুক্ত করা হবে। যদিও তালিকাভুক্ত দেশগুলো থেকে মালয়েশিয়ার নাগরিকদের ফেরার ক্ষেত্রে কোনো নিষেধাজ্ঞা নেই। তবে দেশে আসার পর বাধ্যতামূলকভাবে ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে তাদের। তিনি আরো বলেন, দ্বিপাক্ষিক সম্পর্কের জন্য গুরুত্বপূর্ণ কোনো বৈঠকের জন্য কর্মকর্তাদের প্রবেশের অনুমতি দেওয়া হবে।
