রাজনৈতিক বিরোধ ও পূর্বশত্রুতার জেরে রাজধানীর রমনা থানার পরীবাগে সন্ত্রাসী হামলায় আহত হয়ে হাসপাতালে চিকিত্সাধীন থাকা ব্যবসায়ী মিজানুর রহমান ডন (৪৫) মারা গেছেন। গতকাল বৃহস্পতিবার সকালে বাংলামোটরে পদ্মা জেনারেল হাসপাতালের আইসিইউতে তার মৃত্যু হয়। পরিবারের দাবি, তাকে রাজনৈতিক কারণে পরিকল্পিতভাবে ছুরি মেরে যখম করেছিল স্থানীয় সন্ত্রাসী কুট্টি ও তার সহযোগীরা। পরে তাদের আসামি করে রমনা থানায় একটি মামলা হয়। নিহত মিজানুর আওয়ামী লীগের রাজনীতির পাশাপাশি ‘অ্যাম্বুলেন্স’ ব্যবসা করতেন। ঘাতকদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট হাসপাতালের সামনে বাংলাদেশ অ্যাম্বুলেন্স মালিক সমিতি বিক্ষোভ মিছিল করেছে।
মামলার তদন্ত কর্মকর্তা রমনা থানার উপপরিদর্শক (এসআই) সহিদুল ইসলাম মাসুম বলেন, গত ৩০ আগস্ট সন্ধ্যায় পরীবাগে বিটিসিএল অফিসের সামনে মিজানুর রহমানকে ছুরিকাঘাত করা হয়। গুরুতর আহতাবস্থায় মিজানুরকে প্রথমে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাকে পদ্মা জেনারেল হাসপাতালের আইসিইউতে ভর্তি করেন স্বজনেরা। সেখানে বৃহস্পতিবার সকালে মারা যান তিনি।
