ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিদেশে প্রশিক্ষণে পাঠিয়ে কোনো লাভ হয় না

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২০, ০০:০৪

মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিদেশে প্রশিক্ষণে পাঠিয়ে কোনো লাভ হয় না। গতকাল বৃহস্পতিবার সংসদ ভবনে অনুষ্ঠিত মত্স্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এই পর্যবেক্ষণ জানিয়ে বলা হয়েছে, বিদেশে প্রশিক্ষণে গিয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের অর্জিত জ্ঞান থেকে মন্ত্রণালয় খুব বেশি লাভবান হয় না।

সংসদীয় কমিটির মতে, সাধারণত বিদেশে প্রশিক্ষণ গ্রহণের কিছুদিন পরেই ঊর্ধ্বতন কর্মকর্তারা অন্য মন্ত্রণালয়ে বদলি হয়ে যান। এতে যে মন্ত্রণালয় অর্থ খরচ করে তাদের বিদেশে পাঠিয়েছে সেই মন্ত্রণালয় আর্থিকভাবেও ক্ষতিগ্রস্ত হয়। অর্থের অপচয় রোধে এবং প্রশিক্ষণে অর্জিত জ্ঞান থেকে সর্বোচ্চ সুফল পেতে মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের পরিবর্তে অন্য কর্মকর্তা-কর্মচারীদের প্রয়োজনীয় প্রশিক্ষণের জন্য বিদেশে পাঠানোর সুপারিশ করেছে কমিটি।

কমিটির সভাপতি ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সদস্য মত্স্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম, মাহবুব-উল-আলম হানিফ, নাজমা আকতার ও কানিজ ফাতেমা আহমেদ অংশ নেন। বৈঠকে ‘সামুদ্রিক মত্স্য বিল, ২০২০’ এবং  ‘মত্স্য ও মত্স্যপণ্য (পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ) বিল, ২০২০’ প্রয়োজনীয় যাচাই-বাছাই, পরিবর্তন ও পরিমার্জন পূর্বক সংসদে উত্থাপনের সুপারিশ করা হয়।