নিবন্ধন ছাড়া স্পিডবোট চলবে না নৌপরিবহন প্রতিমন্ত্রী

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২০, ০০:০৪

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, ‘নিবন্ধন ছাড়া স্পিডবোট চলতে দেওয়া যাবে না। এ বিষয়ে সরকার শক্ত অবস্থানে রয়েছে।’ গতকাল বৃহস্পতিবার সচিবালয়ে নৌপরিবহন অধিদপ্তরের প্রশাসনিক, আর্থিক ও উন্নয়নমূলক কার্যক্রম সংক্রান্ত বৈঠকে তিনি এ নির্দেশ দেন।

স্পিডবোট নিবন্ধনের লক্ষ্যে নৌপরিবহন অধিদপ্তরকে ‘নিবন্ধন সপ্তাহ’ পালনের নির্দেশ দিয়েছে প্রতিমন্ত্রী। এছাড়াও নৌপরিবহন অধিদপ্তরের সেবার মানে আরো গতিশীলতা আনতে জনবল নিয়োগ বিশেষ করে সার্ভেয়ার নিয়োগ কার্যক্রম দ্রুত করার কথা জানান তিনি।

নৌ-প্রতিমন্ত্রী বলেন, নৌ-দুর্ঘটনা কমাতে নৌযানে ‘রিভার্সিবল গিয়ার’ সংযোজন কার্যক্রম অব্যাহত থাকবে। বৈঠকে জানানো হয়, বাংলাদেশের নৌযানের প্রকৃত সংখ্যা নির্ণয়ের জন্য নৌশুমারি সংক্রান্ত একটি প্রকল্প অনুমোদনের লক্ষ্যে পরিকল্পনা কমিশনে শিগিগরই পাঠানো হবে।

এ সময় মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মেজবাহ্ উদ্দিন চৌধুরী, নৌপরিবহন অধিদপ্তরের মহাপরিচালক কমডোর আবু জাফর মো. জালালউদ্দিন, সরকারি শিপিং অফিসের শিপিং মাস্টার মো. জাকির হোসেন চৌধুরী এবং নৌ-বাণিজ্য দপ্তরের প্রিন্সিপাল অফিসার ক্যাপ্টেন গিয়াসউদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন।

প্রতিমন্ত্রী পরে মন্ত্রণালয়ের সভাকক্ষ থেকে অনলাইনে বাংলাদেশ মেরিন একাডেমি এবং ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউটের প্রশাসনিক, আর্থিক ও উন্নয়নমূলক কার্যক্রম সংক্রান্ত বৈঠকে সভাপতিত্ব করেন। মেরিন একাডেমির কমান্ডেন্ট সাজিদ হোসেন এবং ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউটের প্রিন্সিপাল ক্যাপ্টেন ফয়সাল আজিম অনলাইনে অন্যান্যের মধ্যে যুক্ত ছিলেন।