বালুতে তিস্তা চরের আমন খেত নষ্ট

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২০, ২১:২৭

গঙ্গাচড়া (রংপুর) সংবাদদাতা

কয়েক দফা বন্যায় গঙ্গাচড়ায় তিস্তা চরে বালুর স্তরে ঢেকে গেছে সদ্য রোপণ করা আমন খেত। এতে নষ্ট হয়ে গেছে কয়েক একর জমি। ফলে কৃষকের ব্যাপক ক্ষতি হয়েছে। সরেজমিনে চরাঞ্চলে দেখা গেছে, কয়েক দিন আগের সবুজ তরতাজা আমন খেতগুলো বালুর নিচে তলিয়ে গেছে। তিস্তা তীরবর্তী পূর্ব ইচলি এলাকার জাহাঙ্গীরের এক একর, মোস্তফার ৫০ শতক, মিজানুরের ৫০ শতক, হবিবরের ৭৫ শতক, কোরবানের এক একর, জলদরের ৫০ শতক, মমিনুরের ৫০ শতক, রমজান আলীর এক একরসহ অনেকের ধানখেত নষ্ট হয়ে গেছে। চারার অভাবে এখনো জমি লাগাতে পারেনি বলে জানান জাহাঙ্গীর। তিনি বলেন, শংকরদহ এলাকায় বাঁধ ভেঙে যাওয়ার কারণে পানির গতিপথ পরিবর্তন হওয়ায় পূর্ব ইচলি, পশ্চিম ইচলি ও বাগেরহাট এলাকায় ব্যাপক ক্ষতি হয়েছে। শংকরদহ ও চর ইচলি এলাকার উপসহকারী কৃষি কর্মকর্তা শরিফুল ইসলাম বলেন, তার ব্লকে ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকা তৈরি করা হচ্ছে। কয়েক দিনের মধ্যে চারা দেওয়া হবে।  উপজেলা কৃষি কর্মকর্তা শরিফুল ইসলাম বলেন, বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকা অনুযায়ী এক বিঘা করে ১০০ জন কৃষককে চারা দেওয়া হবে।