ড্রয়ে শুরু স্পেন-জার্মানির

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২০, ২১:৩৪

উয়েফা নেশন্স লিগ

স্পোর্টস ডেস্ক

উয়েফা নেশন্স লিগের দ্বিতীয় আসরে নিজেদের উদ্বোধনী ম্যাচে স্পেন শেষ মুহূর্তের গোলে ১-১ ড্র করেছে জার্মানির বিপক্ষে।

কোচ লুইস এনরিকে দল ঘোষণাতেই একগাদা নতুন খেলোয়াড় এনে নতুন যুগের আভাস দিয়েছিলেন। বৃহস্পতিবার রাতের ম্যাচেও তারই ধারাবাহিকতায় শুরুর একাদশে অভিষিক্ত ফেরান তরেস জায়গা পান।

তবে প্রথমার্ধে নৈপুণ্য দেখা মেলে কেবল গোলরক্ষক ডেভিড ডি গিয়ার। জার্মান আক্রমণভাগ মুহুর্মুহু আক্রমণে ব্যতিব্যস্ত রাখছিল স্পেন রক্ষণকে।

প্রথম গোলটিও পায় জার্মানরাই। ৫৬ মিনিটে লক্ষ্যভেদ করেন সদ্যই চেলসিতে যোগ দেওয়া ফরোয়ার্ড টিমো ভের্নার। এরপর থেকে বদলি হিসেবে নামা অভিষিক্ত আনসু ফাতি আর অস্কার রদ্রিগেজ, মিকেল মোরেনোর কল্যাণে খেলায় ফেরা স্পেন সমতা ফেরায় শেষ মুহূর্তে, হোসে গায়ার গোলে। কষ্টার্জিত ড্রয়ের পর অধিনায়ক সার্জিও রামোস প্রশংসায় ভাসালেন অভিষিক্তদের। বললেন, ‘অভিষিক্তরা দারুণ খেলেছে। তারা সাহসী, ক্ষুধার্ত আর আগ্রহী। আর প্রতিভার মানে নেই তারা, এখন তারাই বাস্তব। তারা আমাদের জন্যে ভালোই হবে। আমি খুশি, কারণ দারুণ অভিষেকটা হার দিয়ে হয়নি তাদের।’ তবে হারলে সেটাও অন্যায্য হতো, মত রামোসের। তিনি বলেন, ‘জার্মানি জিতলে অন্যায্যই হতো, কারণ আমরা শেষ পর্যন্ত লড়েছিলাম। দলটা নিজেদের আসল চেহারা দেখিয়েছে। ড্রয়ের জন্যে বিশ্বাস আর ক্ষুধাটা প্রয়োজন ছিল, তা আমরা দেখিয়েছি।’

কোচ এনরিকে আরো উন্নতির জায়গা দেখছেন দলের। বললেন, ‘অবশ্যই অনেক কিছু বদলাতে হবে। প্রতিপক্ষ অর্ধে খেলাটা আমাদের বৈশিষ্ট্য। কিন্তু আজকে আরো কম বল হারালে খুশি হতাম।’