নবাবগঞ্জে তিন জনসহ সড়কে ঝরল সাত প্রাণ

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২০, ২২:৪০

ঢাকার নবাবগঞ্জে তিন জনসহ বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় সাত জন নিহত হয়েছে। এর মধ্যে নবাবগঞ্জে বাস-সিএনজি সংঘর্ষে নারীসহ তিন জন, মাদারীপুরের রাজৈরে বাস খাদে পড়ে এক জন, নেত্রকোনায় মোটরসাইকেল ও ট্রলির সংঘর্ষে পল্লিচিকিত্সক, পাকুন্দিয়ায় বাসচাপায় মোটরসাইকেল আরোহী এবং সাতক্ষীরার শ্যামনগরে ইজিবাইক-মোটরসাইকেল সংঘর্ষে এক বৃদ্ধ মারা গেছেন। এ বিষয়ে ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর।

দোহার-নবাবগঞ্জ (ঢাকা) :শুক্রবার বিকেলে ঢাকা-বান্দুরা আন্তঃসড়কের মাঝিরকান্দা-নিশিকান্দা ব্রিজের ঢালে যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চালক ও নারীসহ তিন জন নিহত হয়। তাত্ক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি। জানা যায়, শুক্রবার বিকাল ৫টার দিকে এন মল্লিক পরিবহনের একটি বাস বান্দুরা থেকে ঢাকার উদ্দেশ্যে যাওয়ার পথে নিশিকান্দা ব্রিজের ঢালে অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার চালক (৩৮) ও অপর যাত্রী (৩৬) নিহত হন। স্থানীয়রা অপর ৩৫ বছর বয়সি এক নারীকে আহতাবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন। ঘাতক বাসটিকে জব্দ করা হয়েছে।

টেকেরহাট (মাদারীপুর) : মাদারীপুরের রাজৈরে বরিশালগামী সাকুরা পরিবহনের একটি দ্রুতগামী যাত্রবাহী বাস সামনের চাকা ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার খাদে পড়ে যায়। এ সময় অজ্ঞাতনামা (৩২) এক যুবক নিহত এবং অন্তত ১৫ জন যাত্রী আহত হয়। মারাত্মক আহত পাঁচ জনকে রাজৈর হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার বিকাল ৪টার দিকে উপজেলার ঢাকা-বরিশাল মহাসড়কের কালীবাড়ী নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। আহতদের প্রায় সবার বাড়ি বরিশাল এলাকায়।

নেত্রকোনা :জেলার কেন্দুয়া উপজেলার তেলিগাতি-রামপুর সড়কের আশুজিয়া এলাকায় গতকাল বিকালে মোটরসাইকেল ও হ্যান্ডট্রলির সংঘর্ষে মোটরসাইকেল আরোহী লিটন চন্দ্র দে (৪০) নামে এক পল্লিচিকিত্সক ঘটনাস্থলেই মারা যান। নিহত লিটনের বাড়ি কেন্দুয়া উপজেলার নওপাড়া (পাক্কাঘাট) গ্রামে। পুলিশ হ্যান্ডট্রলিটিকে আটক করেছে।

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) : কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় যাত্রীবাহী বাসের চাপায় দিদার মিয়া (২০) নামে এক  মোটরসাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার সন্ধ্যায় উপজেলার কিশোরগঞ্জ-ভৈরব মহাসড়কের  মাইজহাটি বৈশাখী ফিলিং স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মুরগী ব্যবসায়ী দিদার মিয়া পাকুন্দিয়া পৌর সদরের হাপানিয়া গ্রামের মৃত ইসরাইল মিয়ার ছেলে।

শ্যামনগর (সাতক্ষীরা) : গতকাল দুপুরে উপজেলার সুন্দরবন সিনেমা হলের সামনে মহাসড়কে শ্যামনগরে ইজিবাইক ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে আনিছুর রহমান (৭৫) নামে এক বৃদ্ধ মারা গেছেন। নিহত আনিছুর মঠবাড়িয়া গ্রামের মৃত মকবুল শিকারীর ছেলে।