ইউএনওর ওপর হামলা রাষ্ট্রের জন্য অশুভ সংকেত :ফখরুল

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২০, ২২:৪৫

ইত্তেফাক রিপোর্ট

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াহিদা খানম এবং তার বাবা মুক্তিযোদ্ধা ওমর আলীর ওপর হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

গতকাল শুক্রবার এক বিবৃতিতে বিএনপির মহাসচিব বলেন, যে দেশে একজন ইউএনও সন্ত্রাসীদের হাতে মারাত্মকভাবে আক্রান্ত হয়ে মৃত্যুর সঙ্গে লড়াই করেন, সেদেশে সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা কত অনিশ্চিত তা ব্যাখ্যা করে বলার কোনো অবকাশ নেই। ন্যক্কারজনক এই হামলার ঘটনা নিঃসন্দেহে একটি রাষ্ট্রের জন্য অশুভ সংকেত। এই সরকার দেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করেছে। এখন সরকারি কর্মকর্তারাও হিংস তার শিকার হচ্ছে। বর্তমান সরকার বিচারবহির্ভূত হত্যা যেভাবে সংঘটিত করছে তাতে দুষ্কৃতকারীরা উত্সাহ পাচ্ছে।

বিএনপির সাবেক স্থায়ী কমিটির সদস্য এম সাইফুর রহমানের ১১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে অপর এক বিবৃতিতে ফখরুল বলেন, বাংলাদেশের রাজনীতিতে সাবেক অর্থমন্ত্রী ও খ্যাতিমান অর্থনীতিবিদ এম সাইফুর রহমানের কৃতিত্ব সর্বজনবিদিত। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব সুরক্ষা এবং জনগণের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে তিনি সব সময় অগ্রণী ভূমিকা পালন করেছেন।