জামালপুরে বন্যায় কৃষির ব্যাপক ক্ষতি

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২০, ২২:৪৬

জামালপুর প্রতিনিধি

জামালপুরে দীর্ঘমেয়াদি বন্যায় কৃষকের ব্যাপক ক্ষতি হয়েছে। এ বছর দীর্ঘমেয়াদি বন্যায় ধান, পাট, আখ, ভুট্টা ও শাক-সবজি, রোপা আমন ধানের বীজতলা নষ্ট হয়ে জেলায় প্রায় ১৪০ কোটি টাকার ফসলের ক্ষতি হয়েছে বলে জানিয়েছে কৃষি বিভাগ।

জেলার ইসলামপুর উপজেলার চিনাডুলি ইউনিয়নের ভুক্তভোগী কৃষক সিদ্দিক মণ্ডল, ওয়াজ উদ্দিন, সামছুল হক, আব্দুর রহমান, দেওয়ানগঞ্জ উপজেলার বহাদুরাবাদ ইউনিয়নের আব্দুল করিম মিয়া, জুলহাস মিয়া, আব্দুল মজিদ সেখ ও মহসিন মোল্ল্যা জানান, বন্যায় তাদের কষ্টার্জিত ফসল নষ্ট হয়ে চরম লোকসানের মুখে পড়েছেন। দীর্ঘমেয়াদি বন্যায় এ পর্যন্ত সরকারি কোনো সহযোগিতা তারা পাননি। তাই ক্ষতি পুষিয়ে নিতে দ্রুত সরকারি সহায়তার দাবি জানিয়েছেন তারা।

জামালপুর কৃষি সম্প্র্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ মো. আমিনুল ইসলাম জানান, এ বছরের দীর্ঘমেয়াদি বন্যায় পুরো জেলায় কৃষকদের প্রায় ১৪০ কোটি টাকার ফসলের ক্ষতি হয়েছে। ইতিমধ্যে প্রায় ৭২ শতাংশ জমিতে আমন চারা রোপণ করা হয়েছে। নতুন করে বন্যা দেখা না দিলে আবারও কৃষকরা ঘুরে দাঁড়াতে পারবে বলে আশা করি।