বৈরুতে বিস্ফোরণের এক মাস পর প্রাণের সন্ধান!

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২০, ০০:৪৫

লেবাননের রাজধানী বৈরুতে রাসায়নিক গুদামে বিস্ফোরণের এক মাস পর ধ্বংসস্তূপের নিচে প্রাণের সন্ধান পাওয়ার দাবি করেছেন উদ্ধারকারীরা। চিলির উদ্ধারকারী টিমের সদস্যরা বলছেন, তারা হূদস্পন্দন শনাক্ত করতে পেরেছেন। অলৌকিকভাবে ধ্বংসস্তূপের নিচে এখনো কেউ বেঁচে থাকতে পারে। তবে গতকাল শুক্রবার পর্যন্ত কাউকে জীবিত উদ্ধার করা যায়নি। আলজাজিরার এক খবরে এই তথ্য জানানো হয়েছে।

গত ৪ আগস্ট পরপর দুটি বিস্ফোরণে কেঁপে উঠেছিল বৈরুত বন্দর। ওই বিস্ফোরণে গোটা শহর কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়। এ ঘটনায় ১৯১ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ছয় হাজারেরও বেশি মানুষ। যদিও এখনো অনেক মানুষ নিখোঁজ রযেছেন। বিস্ফোরণের পর থেকেই নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারে অভিযান চলছে।

গতকাল টোপোস চিলি উদ্ধারকারী দলের এক সদস্য জানান, স্ক্যানিং মেশিন ব্যবহারের মাধ্যমে ধসে পড়া একটি ভবনের নিচ তলায় হূদস্পন্দন ও নিঃশ্বাস নেওয়ার লক্ষণ টের পেয়েছেন তারা। ধারণা করছেন, এখানে একটি শিশু থাকতে পারে। এছাড়া উদ্ধারকারীরা একটি মরদেহের উপস্থিতি টের পেয়েছে।  

উদ্ধারকারীরা মনে করেন, এক মাস ধরে কেউ ধ্বংসস্তূপের নিচে আটকে থাকলে বেঁচে থাকাটা বিরল ঘটনা। তারা অতি আশাবাদী নন, তবে জীবিত কাউকে পাওয়াটা অলৌকিক ঘটনা হবে।