ভারতের জঙ্গলমহলে ফের মাওবাদী সংগঠনগুলো সক্রিয় হয়ে উঠছে। গোপনসূত্রের খবর পেয়ে মঙ্গলবার পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ জঙ্গল লাগোয়ায় অভিযান চালিয়ে চারজনকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হচ্ছে সব্যসাচী গোস্বামী, সঞ্জীব মজুমদার, অর্কদীপ গোস্বামী ও টিপু সুলতান ওরফে স্বপন। সব্যসাচী ও সঞ্জীব সোদপুরের বাসিন্দা। অর্কদীপ ওরফে বিজয়ের বাড়ি কলকাতার পর্ণশ্রী এলাকায়। টিপু সুলতানের বাড়ি বীরভূমে। পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতদের কাছ থেকে বেশকিছু লিফলেট ও প্রচার পুস্তিকা উদ্ধার করা হয়েছে। তাতে মাওবাদী রাজ্য কমিটির সম্পাদক আকাশের নাম রয়েছে। শুধু তাই নয়, জঙ্গলমহলের আদিবাসীদের সশস্ত্র লড়াইয়ের ডাক দেওয়ার কথা লেখা রয়েছে ওই প্রচার পুস্তিকা ও লিফলেটে। তাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ এনে বেশ কয়েকটি ধারায় মামলা করা হয়েছে।
