সুবর্ণচরে নারী গণধর্ষণ: আরো দুই আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি

আপডেট : ০৯ জানুয়ারি ২০১৯, ২২:০২

নোয়াখালী জেলার সুবর্ণচর উপজেলার মধ্যবাজ্ঞায় ৩০ ডিসেম্বর দিবাগত মধ্যরাতে স্বামী ও সন্তানদের  বেঁধে রেখে এক নারীকে গণধর্ষণ এবং বাড়িঘর ভাংচুরের ঘটনার আরো দুই আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। বুধবার (৯ জানুয়ারি) বিকালে জেলার ২নং আমলী আদালতের বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট নবনীতা গুহ ১৬৪ ধারায় এই মামলার প্রধান আসামী মো. সোহেল ও  জসিম উদ্দিনের জবানবন্দি রেকর্ড করেন। পরে তাদেরকে জেল হাজতে পাঠান আদালত।
 
জেলা পুলিশ সুপার মোঃ ইলিয়াছ শরীফ বিষয়টি নিশ্চিত করে জানান, আদালতে মো. সোহেল ও জসিম এ ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে। রিমান্ডকৃত সাত আসামীর মধ্যে এই দুইজন পুলিশের জিজ্ঞাসাবাদেও একই স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।

এর আগে সোমবার অন্য দুই আসামি সালাহ উদ্দিন ও আবুল হোসেন আবুল আদালতে তাদের স্বীকারোক্তিমুলক জবানবন্দি প্রদান করে। অপর রিমান্ডকৃত পাঁচ আসামি রুহুল আমিন, হাছান আলী ভুলু, স্বপন, বেচু ও বাদশা আলম বাসুকে  জিজ্ঞাসাবাদ অব্যাহত রাখা  হয়েছে। 

অন্যদিকে ভূক্তভোগী ওই নারীর স্বামী কর্তৃক চরজব্বার থানায় দায়েরকৃত মামলার এজাহারভুক্ত নয় আসামির মধ্যে ছয়জন এবং ঘটনার সঙ্গে জড়িত আরো চারজনসহ মোট ১০জনকে গ্রেপ্তার করে পুলিশ। 

আদালতে ধর্ষণের শিকার ওই নারী তার জবানবন্দিতে  ঘটনার সাথে জড়িত গ্র্রেপ্তারকৃত ১০জন এবং এজাহারভুক্ত পলাতক  তিন আসামী ও অপর এক জনসহ মোট ১৪জনের নাম উল্লেখ করেছেন।

আরো পড়ুন: জেএসসির ফল পুনঃনিরীক্ষণের আবেদন প্রায় ১৩ হাজার শিক্ষার্থীর  

মামলার এজাহারভুক্ত ২নং আসামি হানিফ, ৪নং আসামী চৌধুরী ও ৮নং আসামী মোশারফ পলাতক রয়েছে। পলাতক তিন আসামি এবং অপর জনকে গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে বলে জেলা ডিবি পুলিশের ওসি আবুল খায়ের জানান।

ইত্তেফাক/জেডএইচডি/এসআর