দেশের স্বার্থ সমুন্নত রেখে বিদেশি ঋণ সংস্থার সঙ্গে নেগোসিয়েশন করতে হবে

আপডেট : ০৯ জানুয়ারি ২০১৯, ২১:৩৮

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, অত্যন্ত শক্ত অবস্থানে থেকে বিভিন্ন আন্তর্জাতিক ও বিদেশি ঋণ সংস্থার সঙ্গে নেগোসিয়েশন করতে হবে, যেন বাংলাদেশের স্বার্থ সমুন্নত থাকে। এক্ষেত্রে ঋণচুক্তির শর্তসমূহ বাংলাদেশের অনুকূলে রাখার বিষয়টি নিশ্চিত করতে তিনি অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) কর্মকর্তাদের নির্দেশনা দেন। গতকাল ইআরডির কর্মকর্তাদের সঙ্গে রাজধানী ঢাকার শেরে বাংলা নগরস্থ এনইসি সম্মেলন কক্ষে একটি পরিচিতি সভায় মন্ত্রী এ কথা বলেন। এসময় ইআরডি বিভাগের সচিব এ বিভাগের চলমান কার্যক্রম বিষয়ে মন্ত্রীকে অবহিত করেন। সভায় অর্থমন্ত্রী বলেন, ইআরডিকে সারা বিশ্বে বাংলাদেশের ঋণ সক্ষমতার বিষয়টি তুলে ধরতে হবে। বাংলাদেশ আজ পর্যন্ত কোনো ঋণের একটি কিস্তি প্রদানে এক ঘণ্টার জন্যও বিলম্ব করেনি। বাংলাদেশের জিডিপির তুলনায় বহিঃঋণ অনুপাত মাত্র ১৩ দশমিক ২ শতাংশ। যেখানে ঝুঁকিমুক্ত মাত্রা হলো ৪০ শতাংশ। তিনি কর্মকর্তাদের আহ্বান করেন যেন তারা ঋণ সক্ষমতা ধরে রাখেন। তাহলে ভবিষ্যতে দেশের অবকাঠামো উন্নয়নের জন্য প্রয়োজনীয় বৈদেশিক অর্থায়ন সহজতর হবে। প্রকল্প বাছাইয়ের ক্ষেত্রে গ্রামীণ জীবনমান উন্নয়নের সঙ্গে সংশ্লিষ্ট ছোট আকারের প্রকল্পে ঋণ সহায়তা প্রদানে প্রাধিকার দেওয়ার জন্য নির্দেশনা দেন তিনি।