ইত্তেফাক রিপোর্ট
বাকিতে সুতা আমদানি ঋণপত্র (এলসি) খোলার যে সুবিধা রয়েছে তা আরো বাড়ানো হয়েছে। আগে আমদানীকারকরা ১৮০ দিন বাকিতে সুতা আমদানি করতে পারতেন এখন তারা ২৭০ দিন পর্যন্ত সময় পাবেন। ব্যাকওয়ার্ড লিংকেজ শিল্পকে সুবিধা দিতে নতুন এ নিয়ম করা হয়েছে। তবে আমদানিকারক শিল্পউদ্যোক্তারা তাদের নিজস্ব কারখানার জন্য ব্যাক টু ব্যাক এলসির বিপরীতে আমদানী করতে পারবেন। ইউজেন্স সময়ে বস্ত্র অধিদপ্তর থেকে অনুমোদিত কারখানার উত্পাদন ক্ষমতা বা গত বার মাসে ওই কারখানার উত্পাদিত পণ্যের মূল্যের সমান অথবা এ দুটির মধ্যে যেটি কম সেটির চেয়ে বেশি আমদানি করা যাবেনা।
গতকাল বুধবার বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগের এক প্রজ্ঞাপনে বলা হয়, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এ সুবিধা অব্যাহত থাকবে।
সাধারণত ডেফার্ড এলসির মেয়াদ ১৮০ দিন হয়। তবে সাময়িক সময়ের জন্য দেওয়া এই নির্দেশনায় সুতা আমদানির অতিরিক্ত ৯০ দিন মেয়াদে ডেফার্ড এলসি খুলতে দেওয়া হবে। এ ছাড়া ইউজেন্স বেসিস বা বায়ার্স ক্রেডিটের মাধ্যমে খোলা এসব এলসিতে ইডিএফ (রপ্তানি উন্নয়ন তহবিল) থেকে ঋণ নেওয়া যাবে। ইডিএফের সুদের হার ৬ শতাংশ হওয়ায় আমদানির খরচও কমবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা।
