বিনোদন রিপোর্ট
১৯৯৬ সালের আজকের এ দিনে অসংখ্য ভক্তকে কাদিয়ে না ফেরার দেশে চলে যান চিত্রনায়ক সালমান শাহ। প্রয়াণ দিবসে সালমান শাহকে স্মরণ করবে নাগরিক টেলিভিশন। আজ দুপুর ২টা ৩০ মিনিটে নাগরিক টেলিভিশনে প্রচার হবে সালমান অভিনীত আলোচিত সিনেমা ‘কেয়ামত থেকে কেয়ামত’। ১৯৯৩ সালে মুক্তিপ্রাপ্ত এ সিনেমাতে সালমানের বিপরীতে ছিলেন মৌসুমী। সিনেমাটি পরিচালনা করেছেন সোহানুর রহমান সোহান।
আমির খান-জুহি চাওলা জুটির সুপারহিট হিন্দি সিনেমা ‘কেয়ামত সে কেয়ামত তক’-এর অফিসিয়াল পুনঃনির্মাণ ‘কেয়ামত থেকে কেয়ামত’। সালমান-মৌসুমী ছাড়াও এতে আরও অভিনয় করেছেন রাজিব, আহমেদ শরীফ, আবুল হায়াত, খালেদা আক্তার কল্পনা প্রমুখ। সিনেমাটি প্রচার প্রসঙ্গে নাগরিক টেলিভিশনের অনুষ্ঠান প্রধান কামরুজ্জামান বাবু বলেন, জনপ্রিয় নায়ক সালমান শাহর সুপারহিট সিনেমা এটি। ২৭ বছর আগে মুক্তি পেলেও এ সিনেমার আবেদন এখনও ফুরিয়ে যায়নি। সালমান ভক্তরা আজও এ সিনেমা দেখতে চায়। তাদের কথা এবং প্রয়াত নায়কের প্রতি শ্রদ্ধা জানিয়ে ‘কেয়ামত থেকে কেয়ামত’ সিনেমাটি প্রচার করে সালমান শাহকে স্মরণ করার জন্যই আমাদের এ আয়োজন।’
