রাজাপুর (ঝালকাঠী) সংবাদদাতা
রাজাপুর মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের সম্পত্তি বেআইনিভাবে ইজারার নামে বাণিজ্যসহ নানা অনিয়মের তদন্তে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ পরিচালনা কমিটির বিরুদ্ধে ওঠা এসব অনিয়ম তদন্তে এরই মধ্যে বিদ্যালয় কর্তৃপক্ষকে চিঠি দেওয়া হয়েছে।
দুদক পরিচালক মো. জহিরুল ইসলাম স্বাক্ষরিত জেলা প্রশাসকের কাছে প্রেরিত চিঠিতে বিদ্যালয়ের সম্পত্তি বেআইনিভাবে ইজারার নামে বেহাত করে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেওয়ার বিষয়টি তদন্তপূর্বক প্রতিবেদন চেয়ে পাঠিয়েছে কমিশন।
তদন্ত কর্মকর্তা ইউএনও মো. সেহাগ হাওলাদার বলেন, আগামী ৭ সেপ্টেম্বর তদন্তের কাজ শুরু করা হবে। বিষয়টি নিয়ে ইতিমধ্যেই সংশ্লিষ্ট সবাইকে চিঠি দেওয়া হয়েছে। অনুসন্ধান বা তদন্ত শেষ করে জেলা প্রশাসকের মাধ্যমে একটি তদন্ত প্রতিবেদন কমিশনে পাঠানো হবে।
