ইত্তেফাক রিপোর্ট
আগের সপ্তাহের মতো বিদায়ি সপ্তাহে উত্থানে শেষ হয়েছে শেয়ারবাজারের লেনদেন। সপ্তাহ জুড়ে উভয় শেয়ারবাজারের সব সূচক বেড়েছে। তবে সপ্তাহটিতে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টাকার পরিমাণে লেনদেন কিছুটা বেড়েছে আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) লেনদেন বেড়েছে। জানা গেছে, বিদায়ি সপ্তাহে পাঁচ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৪ হাজার ১২৩৯ কোটি ৪৩ লাখ ৭৮ হাজার ৬৩৩ টাকার লেনদেন হয়েছে। যা আগের সপ্তাহ থেকে ৯৫ কোটি ২১ লাখ ৬৫ হাজার ২৪৯ টাকা বা ২.৩০ শতাংশ বেশি হয়েছে। আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৪ হাজার ১৪৪ কোটি ২২ লাখ ১৩ হাজার ৩৮৪ টাকার। ডিএসইতে বিদায়ি সপ্তাহে গড় লেনদেন হয়েছে ১ হাজার ৫৯ কোটি ৮৫ লাখ ৯৪ হাজার ৬৫৮ টাকার। আগের সপ্তাহে গড় লেনদেন হয়েছিল ৮২৮ কোটি ৮৪ লাখ ৪২ হাজার ৬৭৭ টাকার। সপ্তাহের ব্যবধানে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৫৪ দশমিক ৬৫ পয়েন্ট বা ১ দশমিক ১২ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৯২৭ দশমিক ৮২ পয়েন্টে। অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ১১ দশমিক ২১ পয়েন্ট বা শূন্য দশমিক ৯৯ শতাংশ এবং ডিএসই-৩০ সূচক ২৫ দশমিক ৩১ পয়েন্ট বা ১ দশমিক ৫০ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১১৪১ দশমিক ৮২ পয়েন্টে এবং ১৭১৫ দশমিক ৪১ পয়েন্টে।
