রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা
ভোরের কাগজের রূপগঞ্জ প্রতিনিধি নজরুল ইসলামের ছেলে কলেজশিক্ষার্থী রিফাত হাসান হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। গতকাল দুপুরে উপজেলার মুড়াপাড়া এলাকার রূপগঞ্জ প্রেসক্লাব কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করা হয়। এ সময় বক্তারা ৪৮ ঘণ্টার মধ্যে আসামি গ্রেফতার না হলে আরো বড় ধরনের কর্মসূচির আলটিমেটাম দিয়েছেন। রূপগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মীর আব্দুল আলীমের সভাপতিত্বে কর্মসূচিতে উপস্থিত ছিলেন আলম হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান শাহরিয়ার পান্না সোহেল, মুড়াপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বরকতউল্লা মিয়া, সাত্তার আলী সোহেল, শাকিল আহমেদ, হাজী খলিল সিকদার, রাসেল আহমেদ, জি এম সহিদ, আশিকুর রহমান হান্নান, এস এম শাহাদাত, জাহাঙ্গীর আলম হানিফ, শফিকুল আলম ভুঁইয়া, আনোয়ার হোসেন, সাইফুল ইসলাম, জাকিয়া সুলতানা বেবী, ছাত্রলীগ-যুবলীগের নেতৃবৃন্দ।
গত ৩১ জুলাই রাতে রিফাত হাসানকে তার বন্ধু রিফাত ভুঁইয়া বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। পহেলা আগস্ট ভোরে বরপা বাগানবাড়ি এলাকায় নিয়ে একই এলাকার আনোয়ার হোসেনের ছেলে নাহিদ মিয়া, রফিকুল ইসলামের ছেলে বাবু, আওয়াল হোসেনের ছেলে মৃদুল ও রাশেদসহ অজ্ঞাত চার-পাঁচ জন মিলে রিফাত হাসানকে পিটিয়ে জখম করে। চিকিত্সাধীন অবস্থায় ঐদিনই রিফাত হাসান ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা যায়।
