পর্যটকদের সচেতন করার উদ্যোগ
মিরসরাই (চট্টগ্রাম) সংবাদদাতা
চট্টগ্রামের মিরসরাই উপজেলার খৈয়াছড়া ঝরনা থেকে পড়ে গিয়ে এক প্রকৌশলী গুরুতর আহত হয়েছেন। তার নাম সাখাওয়াত হোসেন (৪০)। তিনি ঢাকার হাজারিবাগ এলাকার বাসিন্দা। সাখাওয়াতকে প্রথমে মিরসরাই সদরের মাতৃকা হাসপাতালে এবং পরে উন্নত চিকিত্সার জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
খৈয়াছাড়া ঝরনা এলাকায় দুর্ঘটনা সম্পর্কে মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমিন শনিবার সন্ধ্যায় ইত্তেফাককে বলেন, আমি ইতিমধ্যে এলাকার স্থানীয় চেয়ারম্যানের সঙ্গে দুর্ঘটনা রোধ করা নিয়ে কথা বলেছি। এই পর্যন্ত কত লোক খৈয়াছড়া ঝরনা এলাকায় মৃত্যুবরণ করেছেন তাদের পূর্ণাঙ্গ ঠিকানা সংগ্রহ করা হচ্ছে। তাদের ছবি ও দুর্ঘটনার তথ্য সংগ্রহ করে খৈয়াছড়া ঝরনা এলাকায় সচেতনতামূলক বিলবোর্ড স্থাপন করা হবে, যাতে পর্যটকরা ঐ বিলবোর্ড দেখে সচেতন হয়। এছাড়া খৈয়াছড়া ঝরনা এলাকার স্থানীয়দের সঙ্গেও দুর্ঘটনা রোধে মিটিং করা হবে।
উল্লেখ্য, খৈয়াছড়া ঝরনা এলাকায় গত ০৪ সেপ্টেম্বর ঘুরতে এসে পাহাড়ি রাস্তায় পা ফসকে পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় ফেনী জেলার ফয়েজ আহমেদ (৪০) নামের এক পর্যটকের।
