নাভালনিকে বিষ প্রয়োগ রাশিয়ার নিন্দা জানাতে অস্বীকৃতি ট্রাম্পের

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২০, ০০:৩৭

রাশিয়ার বিরোধীদলীয় নেতা আলেক্সেই নাভালনিকে বিষপ্রয়োগের ঘটনায় ক্রেমলিনকে নিন্দা জানাতে অস্বীকৃতি জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, নাভালনিকে বিষপ্রয়োগের কোনো প্রমাণ পায়নি যুক্তরাষ্ট্র। খবর বিবিসি ও সিএনএনের।

পশ্চিমাদের সামরিক জোট ন্যাটো ও জার্মানি বলছে, নাভালনিকে নোভিচক নার্ভ এজেন্টের দ্বারা বিষ প্রয়োগ করা হয়েছে। নাভালনির সহযোগীরা বলছেন, ক্রেমলিনের নির্দেশে বিষ প্রয়োগ করা হয়েছে। তবে রাশিয়া এ অভিযোগ অস্বীকার করেছে। বিষ প্রয়োগের অভিযোগে রুশ প্রেসিডেন্ট পুতিনের বিরুদ্ধে একজোট কয়েকটি পশ্চিমা দেশের নেতারা। কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্প তাদের পক্ষ নিতে নারাজ। তিনি বলেন, আমি জানি না প্রকৃতপক্ষে কী ঘটেছে। এটি দুঃখজনক ও ভয়াবহ হলেও এ বিষয়ে আমাদের হাতে কোনো প্রমাণ নেই। কিন্তু বিষয়টিতে নজর রাখব। রাশিয়ার নিন্দা না করে প্রেসিডেন্ট ট্রাম্প চীনের ওপর মনোযোগ দিতে সাংবাদিকদের পরামর্শ দিয়েছেন। কারণ বিশ্বে রাশিয়ার চেয়ে এখন বড় হুমকি চীন।

যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা রবার্ট ও’ব্রিয়েন শুক্রবার এক সংবাদ সম্মেলনে বলেছেন, অন্য যে কোনো দেশের তুলনায় চীন খুব সক্রিয়ভাবে নির্বাচনে হস্তক্ষেপের চেষ্টা করছে। যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতিতে প্রভাব বিস্তার করতে বড় ধরনের কর্মসূচি হাতে নিয়েছে বেইজিং। নির্বাচনে হস্তক্ষেপকারীদের ভয়াবহ পরিণতি ভোগ করতে হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।