বিশ্বপ্রবাহ ডেস্ক
তাইওয়ান প্রণালী জুড়ে সমরসজ্জা বাড়িয়ে চলেছে চীন। বেইজিং ‘যে কোনো মূল্যে’ তাইওয়ানকে নিজের অধিভুক্ত করার প্রতিশ্রুতি ব্যক্ত করেছে। যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো আশা করে, তাইওয়ান চীনের যে কোনো আগ্রাসনমূলক পদক্ষেপ রুখে দিতে পারবে। কারণ তাইওয়ান নিয়মিত যুক্তরাষ্ট্রের সামরিক সহযোগিতা পেয়ে আসছে। সম্প্রতি কিছু ঘটনা দেখিয়ে দিয়েছে তাইওয়ান সম্পর্কে পশ্চিমা দেশগুলোর খুব বেশি আত্মবিশ্বাসী হওয়ার সুযোগ নেই।
জানা গেছে, যুক্তরাষ্ট্রের কাছ থেকে সামরিক সরঞ্জামাদি কেনার পরও শক্তিমত্তায় পিছিয়ে আছে তাইওয়ানের প্রতিরক্ষা বাহিনী। তাদের অস্ত্রপাতি যা আছে তার প্রায় অর্ধেক সচল নয়। অনেক ট্যাংক চলনক্ষম নয়। কিছু দিন আগে সেখানে এক তরুণ সামরিক কর্মকর্তাকে ব্যক্তিগত অর্থ দিয়ে সামরিক সরঞ্জামাদি কিনতে চাপ সৃষ্টি করলে তিনি আত্মহত্যা করেন। তাইওয়ানের রাজনীতিকরা জনগণকে বুঝিয়ে থাকেন যে, তাদের অর্থ সামরিক বাহিনী শক্তিশালী করার জন্য ব্যয় করা হচ্ছে। কিন্তু প্রকৃত চিত্রটি ভিন্ন রকম বলে মনে হচ্ছে। ৩০ বছর বয়সি হুয়াং ঝি জাই তাইওয়ানের সেনা বাহিনীর একজন লেফটেন্যান্ট ছিলেন। তালিকাভুক্ত সৈন্য হিসেবে তিনি প্রাথমিকভাবে এয়ারবোর্ন বিভাগে কাজ করেন। তিনি পরবর্তীতে ২৬৯তম মেকানাইজড ইনফ্যন্ট্রি ব্রিগেডে কমিশন্ড হন। তাকে সেনাবাহিনীর একজন আদর্শ কর্মকর্তা বিবেচনা করা হতো, তরুণ, উচ্চ শিক্ষিত, স্বেচ্ছাসেবী যিনি নিজের ব্যক্তিগত অর্থ ও সময় প্রতিরক্ষা বাহিনীর জন্য ব্যয় করে থাকেন। তাইওয়ানের সেনাবাহিনী এখন অনেকটাই স্বেচ্ছাশ্রম নির্ভর হয়ে পড়েছে। এই সময় তার মতো একজন কর্মকর্তার প্রয়োজনীয়তা বিশেষভাবে অনুভূত হচ্ছিল। গত ১৬ এপ্রিল তিনি নিজের বাসার বেসমেন্টে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। তার মৃত্যুর খবরটি অবশ্য মিডিয়ায় বিশেষভাবে আসেনি। এই ঘটনার কয়েক মাস পর তার মা ফেসবুকে স্ট্যাটাস দিয়ে প্রেসিডেন্ট সাই ইং ওয়েনকে ঘটনা তদন্তের জন্য অনুরোধ করেন। এক আবেগঘন সংবাদ সম্মেলনে হুয়াংয়ের মা বলেন, নিজের অর্থ দিয়ে সামরিক বাহিনীর জন্য স্পেয়ার পার্টস তৈরির জন্য সিনিয়র কর্মকর্তারা তার ওপর চাপ দিচ্ছিলেন। প্রমাণ হিসেবে তিনি বিভিন্ন স্ক্রিনশট এবং ব্যক্তিগত মেসেজ দেখান। তাইওয়ানের প্রতিরক্ষামন্ত্রী ইয়েন টেহ ফা পার্লামেন্টে বলেছেন, ‘ব্যক্তিগত অর্থ দিয়ে সামরিক সরঞ্জাম কেনা সামরিক রুলসের পরিপন্থি। কোনো সেনা সদস্য যদি কোনো পার্টস ভেঙে বা অকেজো করে ফেলে তবে কিছু অফিসিয়াল আনুষ্ঠানিকতা পূরণ সাপেক্ষে তিনি ওগুলো প্রতিস্থাপনের অনুরোধ করতে পারেন।’ তার এই বক্তব্য সেনাবাহিনীতে কর্মরত অনেক কর্মকর্তা উপহাসমূলক বলে দাবি করেছেন।
