ক্যাম্পাস প্রতিবেদক
করোনার এই মহামারিতে স্কুল বন্ধ থাকার কারণে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উদ্যোগে ফেসবুকে ‘ঘরে বসে শিখি’ পেজ খুলে সেখানে অনলাইনে ক্লাস নেওয়া শুরু হয়। সারা দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ২০০ শিক্ষক স্বেচ্ছায় স্বপ্রণোদিত হয়ে শিশু শ্রেণি থেকে ৫ম শ্রেণি পর্যন্ত বিভিন্ন বিষয়ের ক্লাস ভিডিও করে ঘরে বসে শিখি পেজে তুলে দেন। শিক্ষার্থীরা ক্লাস শেষে কোনো বিষয় বুঝতে না পারলে সেখানে অভিভাবকদের মাধ্যমে অথবা নিজেরা মন্তব্য লিখে দেয়। মন্তব্যগুলো দেখে ঐ শিক্ষক ফিরতি ক্লাসে সে বিষয়ে আবারও আলোচনা করেন।
এ রকম একজন শিক্ষক হলেন মো. রুহুল আমিন। তিনি চাঁপাইনবাবগঞ্জের দেবত্তর বাবলা বোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। আলোকিত টিচার্স ফাউন্ডেশন আয়োজিত ‘করোনা ভাইরাস পরবর্তী শিক্ষাব্যবস্থায় সমতা ফিরিয়ে আনতে করণীয়’ শীর্ষক ‘আইডিয়া চ্যালেঞ্জ’ প্রতিযোগিতায় নিজের উদ্ভাবনী ও আইডিয়া উপস্থাপন করে সারাদেশে ৩য় স্থান অর্জন করেন মো. রুহুল আমিন। প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জনপ্রিয় ফেসবুক পেজ ‘ঘরে বসে শিখি’তে নিয়মিত ক্লাস নেওয়ার পাশাপাশি রাজশাহী ডিভিশনাল অনলাইন স্কুল, বাংলাদেশ অনলাইন প্রাইমারি স্কুল, বাংলাদেশ অনলাইন প্রাইমারি স্কুল, পিইসিই অনলাইন প্রাইমারি স্কুল, হোমস অনলাইন প্রাইমারি স্কুল-শেরপুর পেজগুলোতে তিনি ক্লাস নেন।
রুহুল আমিন বলেন, অনলাইনে ক্লাস নিতে গিয়ে গ্রামের একটি স্কুলের শিক্ষকের সার্থকতা সেখানেই যখন আমার ক্লাস ঢাকার ভিকারুন নিসা নূন স্কুলের চতুর্থ শ্রেণির শিক্ষার্থীরা করছে। মতিঝিল আইডিয়াল স্কুলের শিক্ষার্থীরা আমার ক্লাস করছে। তারা ক্লাস করার পর সেখানে মন্তব্যও করে থাকে। কুমিল্লা, শেরপুর, বগুড়া, চট্টগ্রাম, খুলনা, মুন্সীগঞ্জসহ সারা দেশের শতশত শিক্ষার্থী আমার ক্লাস করে উপকৃত হচ্ছে—এটাই আমার সার্থকতা।
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা শিক্ষা অফিসার নুর-উন-নাহার রুবিনা বলেন, সরকার পরিচালিত সংসদ টিভির পাশাপাশি শিশুদের কথা বিবেচনা করে প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় সহকারী শিক্ষক রুহুল আমিনের এগিয়ে আসা চাঁপাইনবাবগঞ্জ তথা প্রাথমিক শিক্ষার জন্য ইতিবাচক।
ঘরে বসে শিখি পেজে সারা দেশ থেকে অনেক শিক্ষক ক্লাসের পড়া ভিডিও করে আপ করেছেন। খাগড়াছড়ির খরাগপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আশা প্রিয় ত্রিপুরা, বগুড়ার শান্তাহার হার্ভে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রতন কুমার বসাক, মানিকগঞ্জের জয়নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এস এম রাব্বি, দিনাজপুরের ফুলবাড়ির রামভদ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিরীন বকুল, ফরিদপুরের বোয়ালমারীর সুবর্ণা রায় লিপা, ঝালকাঠির বাজিতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিজন বেপারী, কিশোরগঞ্জের কটিয়াদীর ৩ নম্বর কাঁঠালতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অসীম কুমার সেনসহ প্রায় ১০০ শিক্ষকের ক্লাস এখন সারাদেশে ১০ লাখ শিক্ষার্থী প্রতিদিন অনলাইনে পড়াশুনা করছে।
