স্পোর্টস রিপোর্টার
মূলত নির্বাচনের আকর্ষণ হচ্ছে সভাপতি পদ। মনোনয়নপত্র সংগ্রহের গত দুই দিনে সভাপতি পদে কেউ মনোনয়ন তোলেননি। আজ শেষ দিন। আজ যদি কেউ সভাপতি পদে মনোনয়ন তোলেন তাহলে বাফুফের নির্বাচনের অনেক কিছুই পরিষ্কার হয়ে যাবে। এখন পর্যন্ত এই পদে একমাত্র প্রার্থী বর্তমান সভাপতি কাজী সালাহউদ্দিন। তিনি আজ মনোনয়ন তুলবেন এবং সেই সঙ্গে তার প্যানেলের সবাই মনোনয়নপত্র সংগ্রহ করবেন বলে জানা গেছে। গতকাল বাফুফের সভাপতি দিনভর ব্যস্ত ছিলেন প্যানেল চূড়ান্ত করা নিয়ে। সহসভাপতি পদগুলোর জন্য প্রার্থী তালিকা প্রায় চূড়ান্ত হলেও সদস্য পদের জন্য ঘাম ঝরাতে হচ্ছে। কাকে রেখে কাকে বাদ দেবেন? সালাহউদ্দিনের সঙ্গী হতে প্রার্থীদের আগ্রহ বেশি। সালাহউদ্দিনের সঙ্গে সিনিয়র সহসভাপতি আব্দুস সালাম মুর্শেদী, সহসভাপতি পদে কাজী নাবিল আহমেদ, বসুন্ধরা কিংসের সভাপতি ইমরুল হাসান, আতাউর রহমান মানিক, আমিরুল ইসলাম বাবুর নাম শোনা যাচ্ছে। ইমরুল হাসান কদিন আগে জানিয়েছিলেন দুই পক্ষেই তার ডাক আছে। গতকাল দ্বিতীয় দিনে সহসভাপতি পদে মনোনয়নপত্র নিয়ছেন পুলিশ ফুটবল ক্লাবের সভাপতি শেখ মারুফ হাসান, সদস্য পদে ১০ মনোনয়নপত্র তুলেছেন।
