ইউএনওর ওপর হামলা

যুবলীগ নেতা আসাদুল সাত দিনের রিমান্ডে

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২০, ২২:৩৫

সরকারি বাসভবনে ঢুকে দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা খানম ও তার বাবার ওপর হামলা মামলার প্রধান আসামি যুবলীগ নেতা আসাদুল ইসলামকে সাত দিনের রিমান্ড দিয়েছে আদালত।

গতকাল রবিবার বিকাল ৫টায় ঘোড়াঘাট আমলী আদালত-৭-এর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মনিরুজ্জামান সরকার এ রিমান্ড মঞ্জুর করেন। এর আগে বিকাল সাড়ে ৪টায় দিনাজপুর ডিবি পুলিশ মামলার প্রধান আসামি যুবলীগ নেতা আসাদুল ইসলামকে ঘোড়াঘাট আমলী আদালত-৭-এর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মনিরুজ্জামান সরকারের আদালতে হাজির করে। আদালতে মামলার তদন্তকারী কর্মকর্তা দিনাজপুর ডিবি পুলিশের ওসি ইমাম জাফর ১০ দিনের রিমান্ড আবেদন করেন। বিচারক শুনানি শেষে তার সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন।

আসাদুল ইসলাম ঘোড়াঘাট উপজেলার সাগরপুর গ্রামের আমজাদ হোসেনের ছেলে এবং ঘোড়াঘাট পৌর যুবলীগের সদস্য। যদিও এ মামলায় গ্রেফতারের পর তাকে দল থেকে বহিষ্কার করা হয়। ইউএনও’র ওপর হামলার ঘটনায় আসাদুল ইসলামকে শুক্রবার ভোরে হাকিমপুর উপজেলার হিলি থেকে আটক করে র্যাব।

অন্যদিকে ওয়াহিদা খানমের চিকিত্সায় গঠিত মেডিক্যাল বোর্ডের প্রধান নিউরোসায়েন্স হাসপাতালের নিউরো ট্রমা বিভাগের প্রধান নিউরো সার্জন মোহাম্মদ জাহিদ হোসেন গতকাল জানান, ইউএনও ওয়াহিদা খানমের শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। তার রক্তচাপ, পালস, রক্তে অক্সিজেন সবই স্বাভাবিক আছে। তার মানসিক অবস্থা শতভাগ ঠিক আছে। সকাল থেকে লিকুইড জাতীয়  খাবার খাচ্ছেন তিনি। ডা. জাহিদ হোসেন জানান, ওয়াহিদাকে ফিজিক্যাল মেডিসিন বা ফিজিওথেরাপি চিকিত্সা দেওয়া শুরু হয়েছে। এটি দেওয়ার পর রোগীর অবস্থা কোন দিকে যায় দেখা হবে। তবে মাথায় কিছুটা ব্যথা আছে বলে আমাদের জানিয়েছেন ওয়াহিদা। যেহেতু তার মাথায় অনেকগুলো আঘাত আছে তাই ব্যথা কিছুটা থাকবে। ধীরে ধীরে ব্যথা কমে যাবে।