‘হিস্পানিকরা কৃষ্ণাঙ্গদের মতোই খারাপ’

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২০, ২২:৩৪

হিস্পানিকরা কৃষ্ণাঙ্গদের মতোই খারাপ, আর মেক্সিকানরা ধর্ষক। ২০১৫ সালে এমন মন্তব্য করেছিলেন তখন প্রেসিডেন্ট পদে লড়াই করা ডোনাল্ড ট্রাম্প। এই মন্তব্যে ক্ষুব্ধ হয়েছিলেন ট্রাম্পের তিন সন্তানও। তারা প্রেসিডেন্ট পদের লড়াই থেকে সরে যেতে ট্রাম্পের প্রতি আহ্বান জানিয়েছিলেন। প্রেসিডেন্ট ট্রাম্পের সাবেক ব্যক্তিগত আইনজীবী মাইকেল কোহেন তার নতুন বইয়ে এসব তথ্য তুলে ধরেছেন। খবর ডেইলি মেইলের

‘ডিসলয়্যাল : অ্যা মোমোয়ের’ নামের বইয়ে কোহেন দাবি করেছেন, ২০১৫ সালে নির্বাচনী প্রচারণা চালিয়েছিলেন ট্রাম্প। ঐ সময় তিনি মন্তব্য করেন, হিস্পানিকরা               কৃষ্ণাঙ্গদের মতোই বাজে মানুষ। তারা কখনো তাকে ভোট দেবে না। তারা কখনো তার লোক হবে না। আর মেক্সিকানদের তিনি খুনি ও ধর্ষক বলে অভিহিত করেছিলেন। বাবা ট্রাম্পের এই মন্তব্যে নিজেদের ব্যবসা-বাণিজ্য নিয়ে শঙ্কায় পড়েছিলেন তিন সন্তান। ডোনাল্ড ট্রাম্প জুনিয়র, এরিক এবং ইভাঙ্কা ট্রাম্পের অফিসে যান এবং নির্বাচনী প্রতিযোগিতা থেকে সরে আসতে বলেন। তারা বলেন, এসব মন্তব্য তাদের ব্যবসাকে ব্যাপক হারে ক্ষতিগ্রস্ত করতে পারে। এমনকি কোহেনকেও বলা হয় যেন তিনি তাদের বাবাকে বোঝান। কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্প তাদের আহ্বানে সাড়া দেননি। ট্রাম্প সাবেক প্রেসিডেন্ট ওবামাকে বিদ্রুপ করতে একজনকে ভাড়াও করেছিলেন বলে বইয়ে জানানো হয়েছে। যদিও হোয়াইট হাউজ এই বইকে কাল্পনিক বলে অভিহিত করেছে।

সাংবাদিকের ওপর ক্ষিপ্ত ট্রাম্প

যুদ্ধে নিহত মার্কিন সেনাদের প্রতি শ্রদ্ধা না জানানোয় এবং তাদের নিয়ে বিরূপ মন্তব্য করে তোপের মুখে পড়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। দ্য আটলান্টিক ম্যাগাজিনের এই দাবি অসত্য বলে দাবি করেছেন ট্রাম্প। কিন্তু তার সমর্থক হিসেবে পরিচিত ফক্স নিউজের সাংবাদিক জেনিফার গ্রিফিন শনিবার জানান, তিনিও ট্রাম্পের সেনাদের প্রতি অসম্মান প্রদর্শনের বিষয়ে প্রমাণ পেয়েছেন। এরপরই ট্রাম্প তাকে চাকরিচ্যুত করতে ফক্স নিউজ কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান। এদিকে প্রেসিডেন্ট ট্রাম্পের একদল সমর্থক টেক্সাসের নদীতে তার সমর্থনে শোভাযাত্রা বের করেছিলেন। কিন্তু পানির স্রোতে চারটি নৌকা ডুবে যায়। পরে তাদের উদ্ধার করা হয়।