পোর্টল্যান্ডে ব্যাপক বিক্ষোভ, পুলিশকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২০, ২২:৩৬

যুক্তরাষ্ট্রের অরেগন রাজ্যের পোর্টল্যান্ডে বড় ধরনের বিক্ষোভ হয়েছে। বর্ণবাদবিরোধী বিক্ষোভের ১০০তম দিনে সেটি সহিংস হয়ে ওঠে। বিক্ষোভকারীরা পুলিশকে লক্ষ্য করে ককটেল ছুড়ে মারে। পুলিশও বিক্ষোভ দমনে টিয়ারগ্যাস ও পিপার স্প্রে নিক্ষেপ করে। এক পুলিশ কর্মকর্তা গুরুতর আহত হয়েছেন। খবর রয়টার্সের

পোর্টল্যান্ডের সাউথইস্ট স্টার্ক স্ট্রিটে চলা বিক্ষোভকে সংঘাতময় বলে ঘোষণা করেছে পুলিশ। অরেগনের বিভিন্ন মিডিয়া জানিয়েছে, বিক্ষোভে অন্তত ৪০০ মানুষ অংশ নেন। পোর্টল্যান্ডে গত তিন মাস ধরে বিক্ষোভ চলছে। রাতের বেলায় এই বিক্ষোভ অনেকবারই সহিংস হয়ে উঠেছে। দোকানপাট ভাঙচুর হয়েছে। ব্যবসা প্রতিষ্ঠানে লুটপাটের ঘটনাও ঘটেছে। শনিবারের বিক্ষোভ থেকে অনেককে গ্রেফতার করা হলেও পুলিশ তাদের সংখ্যা জানায়নি। বিক্ষোভে ডান ও বামপন্থিদের মধ্যে বিরোধে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠতে পারে।