ক্লাস ও পরীক্ষা চালুর দাবিতে এবার রাস্তায় নেমেছে দিনাজপুুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) শিক্ষার্থীরা। দাবি আদায়ের লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনে তালা দিয়ে বিক্ষোভ করেছে তারা। শিক্ষার্থীরা আল্টিমেটাম দিয়েছে- আজ বৃহস্পতিবার দুপুরের মধ্যে ক্লাস-পরীক্ষা চালুর ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া না হলে পরিবহন চলাচল বন্ধ করে দিবে। প্রশাসনিক ভবনেও তালা দিয়ে বিশ্ববিদ্যালয়ের সব কার্যক্রম বন্ধ করে দেওয়া হবে।
শিক্ষার্থীদের অভিযোগ, গত ১৪ নভেম্বর থেকে দেড় শতাধিক শিক্ষক বেতন বৈষম্য সমাধান, শিক্ষক লাঞ্ছিতকারীদের বিচার, প্রক্টর-রেজিস্ট্রার বহিষ্কার ও দুই শিক্ষকের বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে ক্লাস-পরীক্ষা বর্জন করে আন্দোলন করছেন। এর পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় এক মাসের জন্য বন্ধ ঘোষণা করা হয়। ৬ জানুয়ারি থেকে ক্লাস-পরীক্ষা চালু হওয়ার কথা ছিল। কিন্তু শিক্ষকদের দাবির বিষয়ে কোনো সুরাহা না হওয়ায় গত ৪ দিন ধরে ক্লাস-পরীক্ষা বন্ধ রয়েছে। টানা প্রায় দুই মাস ধরে এমন অবস্থায় সেশনজটের মধ্যে পড়েছে শিক্ষার্থীরা। তাই গতকাল সকালে ক্লাস-পরীক্ষা চালুর দাবিতে এম. ওয়াজেদ ভবনে তালা দিয়ে শিক্ষকদের অবরুদ্ধ করে সাধারণ শিক্ষার্থীরা। এ সময় প্রশাসনিক ভবনের সামনের রাস্তায় বসে বিভিন্ন স্লোগান দেয়। পরে বেলা ২টায় একদিনের মধ্যে বিষয়টি সমাধানের সময় বেঁধে দিয়ে আন্দোলন কর্মসূচি প্রত্যাহার করে তারা। বৃহস্পতিবার দুপুরের মধ্যে ক্লাস-পরীক্ষা চালু করা না হলে কঠোর আন্দোলনের আল্টিমেটাম দিয়েছে সাধারণ শিক্ষার্থীরা।
উপাচার্য প্রফেসর ড. মু. আবুল কাশেম জানান, বেতন-বৈষম্যের বিষয়গুলো বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনসহ শিক্ষা মন্ত্রণালয়কে অবহিত করা হয়েছে। শিক্ষকদের লাঞ্ছনা, নারী শিক্ষকের শ্লীলতাহানি ও দুই শিক্ষককে সাময়িক বহিষ্কারের বিষয়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
