কক্সবাজারের টেকনাফে বিজিবির সদস্যদের অভিযানের মুখে ১ লাখ ১০ হাজার পিস ইয়াবার একটি বস্তা ফেলে পালিয়েছে পাচারকারী। সোমবার (৭ সেপ্টেম্বর) ভোরে টেকনাফের সাবরাং ইউনিয়নের খুরেরমুখ এলাকায় এ ঘটনা ঘটে।
টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান জানান, মিয়ানমার থেকে ইয়াবার একটা বড় চালান আসতে পারে এমন সংবাদের ভিত্তিতে সোমবার ভোর রাতে বিজিবির একটি দল বঙ্গোপসাগরের সাবরাং ইউনিয়নের খুরেরমুখ এলাকায় অবস্থান নেয়। পর অবস্থানরত টহলদলের সদস্যরা একজন ব্যক্তিকে ১টি বস্তা নিয়ে বঙ্গোপসাগর হতে মেরিন ড্রাইভে উঠতে দেখে চ্যালেঞ্জ করে। এ সময় ওই ব্যক্তির মাথায় থাকা বস্তাটি ফেলে দিয়ে অন্ধকারের সুযোগে পার্শ্ববর্তী গ্রামের ভেতর পালিয়ে যায়।
আরও পড়ুন: ট্রাম্পকে একহাত নিলেন কমলা হ্যারিস
পরে পাচারকারীর ফেলে যাওয়া প্লাস্টিকের বস্তাটি উদ্ধার করে সেখান থেকে ১ লাখ ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
উদ্ধারকৃত ইয়াবাগুলো ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে, যা পরবর্তীতে ঊর্ধ্বতন কর্মকর্তা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং মিডিয়া কর্মীদের উপস্থিতিতে ধ্বংস করা হবে বলে জানান লে.কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান।
ইত্তেফাক/এএএম
