চান্দনা চৌরাস্তার ফুটপাত ফের হকারদের দখলে

আপডেট : ০৯ জানুয়ারি ২০১৯, ২৩:৪০

ঘটা করে কয়েক মাস আগে গাজীপুরের চান্দনা-চৌরাস্তার ফুটপাতগুলো হকারমুক্ত করা হলেও বর্তমানে সেগুলো আবার পূর্বের অবস্থায় ফিরে এসেছে। ফুটপাতসংলগ্ন মহাসড়কগুলোর অংশবিশেষ পূর্বের চেয়েও বেশি হকারদের দখলে চলে যাওয়ায় চান্দনা-চৌরাস্তা এখন ঘিঞ্জি এলাকায় পরিণত হয়েছে। ফলে বর্তমানে ফুটপাতগুলো দিয়ে চলাচল করা একেবারেই দুষ্কর হয়ে পড়েছে। এমনকি মহাসড়কগুলোর একাংশ জুড়ে হকাররা ভ্যানে বিভিন্ন পণ্যের পসরা সাজিয়ে অস্থায়ী দোকান দেওয়ায় গাড়ি চলাচলেও বিঘ্ন সৃষ্টি হচ্ছে।

হকাররা নানা ধরনের পণ্যের যেমন শীতের কাপড়, রেডিমেড পোশাক, জুতা-সেন্ডেলসহ বিভিন্ন পণ্য ভ্যানে সাজিয়ে সকাল থেকে রাত ১০-১১টা পর্যন্ত বিক্রি করে থাকে। এ হকারদের দৌরাত্ম্যে ফুটপাতগুলো দিয়ে বর্তমানে পথচারীদের চলাচল প্রায় বন্ধ হয়ে যাবার উপক্রম হয়েছে। বিশেষ করে চান্দনা-চৌরাস্তার পরিবহন অফিসের সামনে, চান্দনা স্কুল এন্ড কলেজের বাউন্ডারি সংলগ্ন ফুটপাত, অনুপম সুপার মার্কেটের সামনে, ঈদগাহ মার্কেটের সামনে, সড়ক ও জনপথ বিভাগের অফিসের সামনে ও ইসলাম প্লাজার সামনে ভাসমান হকারদের দৌরাত্ম্য সবচেয়ে বেশি।

গত সেপ্টেম্বর মাসের মাঝামাঝি গাজীপুর সিটি কর্পোরেশন ঘটা করে এসব হকার উচ্ছেদ অভিযানে নামে। সিটি কর্পোরেশন বুলডোজার ও পরিচ্ছন্নতাকর্মীদের সহায়তায় ভাসমান এসব হকারকে উচ্ছেদ করে। এতে এলাকার পরিবেশ পাল্টে একটা পরিচ্ছন্ন রূপ ধারণ করায় পথচারী এবং এলাকাবাসীরাও সন্তোষ প্রকাশ করে। কিন্তু এ অবস্থা বেশিদিন স্থায়ী হয়নি। সিটি কর্পোরেশনের কর্তৃপক্ষের নজর এড়িয়ে হকাররা ধীরে ধীরে আবার ফুটপাত দখলে নামে। ফলে কিছুদিনের মধ্যেই এলাকাটি পূর্বের অবস্থায় ফিরে আসে। বর্তমানে এলাকার সব ফুটপাত ও মহাসড়কগুলোর একাংশ বলতে গেলে হকারদের পুরোপুরি অবৈধ দখলে চলে গেছে।

এ ব্যাপারে গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র জাহাঙ্গীর আলম বলেন, অনতিবিলম্বে চান্দনা-চৌরাস্তার ফুটপাত ও মহাসড়কগুলো দখলমুক্ত করা হবে যাতে পথচারীরা নির্বিঘ্নে চলাচল করতে পারে। শীঘ্রই সিটি কর্পোরেশনের পক্ষ থেকে রাস্তাঘাট ও ফুটপাত সংস্কারসহ গুরুত্বপূর্ণ উন্নয়ন কাজ শুরু করা হবে।