বিশ্বে নির্বাচন ১৯৪৬-২০০০

যুক্তরাষ্ট্র ৮১, রাশিয়া ৩৬টি নির্বাচনে হস্তক্ষেপ করেছে

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২০, ২২:২৮

বিশ্বে নির্বাচনে সবচেয়ে বেশি হস্তক্ষেপ করেছে যুক্তরাষ্ট্র এবং দ্বিতীয় স্থানে আছে রাশিয়া। ইউনিভার্সিটি অব হংকংয়ের রাষ্ট্রবিজ্ঞানী ডভ এইচ লেভিনের দাবি, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ১৯৪৬ সাল থেকে ২০০০ সাল পর্যন্ত যুক্তরাষ্ট্র ৮১টি নির্বাচনে এবং সোভিয়েত ইউনিয়ন তথা রাশিয়া ৩৬টি নির্বাচনে হস্তক্ষেপ করেছে।

মার্কিন প্রভাবশালী মিডিয়া ইউএসএ টুডের সঙ্গে এক সাক্ষাত্কারে গবেষক লেভিন জানিয়েছেন, যুক্তরাষ্ট্র এশিয়ার এবং রাশিয়া ইউরোপের দেশগুলোতেই বেশি হস্তক্ষেপ করেছে। লেভিনের গবেষণার তথ্য তার নতুন ‘মেডলিং ইন দ্য ব্যালট বক্স:দ্য কজেজ অ্যান্ড ইফেক্টস অব পার্টিসান ইলেক্টোরাল ইন্টারভেনশনস’ শীর্ষক বইয়ে তুলে ধরেছেন। তার দাবি, ইতালির নির্বাচনেই সবচেয়ে বেশি হস্তক্ষেপ করা হয়েছে। ১২বার হস্তক্ষেপের মধ্যে যুক্তরাষ্ট্রই করেছে আটবার। কারণ যুক্তরাষ্ট্র চায় না সেখানে বামপন্থি সরকার ক্ষমতায় আসুক।

নির্বাচনে হস্তক্ষেপের কৌশল সম্পর্কে লেভিন বলেন, পছন্দের দলের প্রচারণায় অর্থ দিয়ে সহায়তা করা হয়। এছাড়া নির্বাচনের আগে অপছন্দের দলকে নানাভাবে হুমকি, দলীয় কর্মীদের প্রশিক্ষণের মাধ্যমে ভোটারদের প্রভাবিত করার কৌশল শিক্ষা এবং নির্বাচনের আগে ক্ষতিগ্রস্ত করতে অপছন্দের সরকারের আর্থিক সহায়তা কাটছাঁট করে চাপ সৃষ্টি করা হয়। তবে ২০১৬ সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়া ইমেইল হ্যাকিং এবং ভুল তথ্য ছড়িয়ে হস্তক্ষেপ করেছিল। এই কৌশলকে নোংরা বলে উল্লেখ করেছেন লেভিন। অন্তত ৬০টি দেশের নির্বাচনে হস্তক্ষেপের ঘটনা ঘটেছে বলে তার     গবেষণায় তুলে ধরা হয়েছে। কোনো বিদেশি শক্তি যদি দেখে যে, কোনো রাজনৈতিক দল তাদের স্বার্থে কাজ করছে না তখনই হস্তক্ষেপ করে। লেভিন জানান, ইরান, লিবিয়া এবং ভেনেজুয়েলাও নির্বাচনে হস্তক্ষেপ করেছে।