ফতুল্লার তল্লায় বাইতুস সালাত জামে মসজিদে বিস্ফোরণের ঘটনায় গ্যাস লিকেজের ঘটনা অনুসন্ধানে নেমেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। গতকাল সোমবার সকাল থেকেই মসজিদের সিড়ি ঘেঁষা রাস্তার দুটি পয়েন্টে মাটি খুঁড়েছে তারা। বিকাল পর্যন্ত এই খোঁড়াখুঁড়িতে মসজিদের উত্তর পাশে দুটি লাইনে লিকেজ পাওয়া গেছে বলে নিশ্চিত করেছেন তিতাসের ফতুল্লা অঞ্চলের ডি জি এম মফিজুল ইসলাম। তিনি জানিয়েছেন, মসজিদের অভ্যন্তরে কোনো গ্যাস লাইন রয়েছে কি না, এখন পর্যন্ত সেটির প্রমাণ মিলেনি। মসজিদের ফ্লোরের অভ্যন্তরে কোনো গ্যাস লাইন রয়েছে কি না, সে অনুসন্ধান আজ মঙ্গলবার থেকে পুনরায় শুরু হবে।
এদিকে দায়িত্ব পালনে অবহেলার অভিযোগে তিতাস গ্যাসের ফতুল্লা আঞ্চলিক বিক্রয় অফিস এর চার কর্মকর্তা ও চার কর্মচারীকে সাময়িক বরখাস্ত করে কারণ দর্শানো নোটিশ দিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। সাময়িক বরখাস্তকৃত কর্মকর্তারা হলেন ফতুল্লা জোনের ব্যবস্থাপক প্রকৌশলী মোহাম্মদ সিরাজুল ইসলাম, উপব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদুর রহমান রাব্বী, সহকারী প্রকৌশলী এস এম হাসান শাহিরয়ার, সহকারী প্রকৌশলী মানিক মিয়া। এ ছাড়াও চার কর্মচারী হলেন সিনিয়র সুপারভাইজার মো. মনিবুর রহমান চৌধুরী, সিনিয়র উন্নয়নকারী আইউব আলী, সাহায্যকারী হানিফ মিয়া, ও ইসমাইল প্রধান।
বিস্ফোরণে মৃত্যু বেড়ে ২৭ : গতকাল সোমবার সন্ধ্যা পর্যন্ত ইমরান (৩০) নামের এক যুবকের মৃত্যু নিয়ে বিস্ফোরণে দগ্ধ হওয়া মোট ২৭ জনের মৃত্যু ঘটেছে। মামুন নামের এক যুবক সুস্থ হয়ে বাড়ি ফিরলেও হাসপাতালে চিকিত্সাধীন ৯ জনের অবস্থা এখনো আশঙ্কাজনক বলে জানিয়েছেন শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের প্রধান সন্বয়ক ডা. সামন্ত লাল সেন।
অনুসন্ধান চলবে লিকেজের : শ্রমিকরা জানান, সকাল ৮টা থেকে ফতুল্লার পশ্চিম তল্লা বায়তুস সালাত জামে মসজিদের আশেপাশের দুটি পয়েন্টে আরসিসি রাস্তা কেটে তিতাস গ্যাসের পাইপলাইন শনাক্তের চেষ্টা করেন তারা। এ বিষয়ে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড নারায়ণগঞ্জ অফিসের উপ-মহাব্যবস্থাপক মফিজুল ইসলাম বলেন, তিতাসের মূল পাইপ লাইনগুলো বের করার চেষ্টা চলছে। মসজিদের নিচে পুরোনো কোনো পাইপলাইন আছে কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে।
গণশুনানিতে প্রত্যক্ষদর্শী ১৭ জন : মসজিদে বিস্ফোরণের ঘটনায় জেলা প্রশাসনের গঠিত তদন্ত কমিটির গণশুনানিতে ১৮ জন প্রত্যক্ষদর্শী অংশগ্রহণ করেছেন। তারা সেই রাতের ঘটনার বর্ণনাসহ বিভিন্ন বিষয়ে তথ্য দিয়েছেন। তদন্ত কমিটির প্রধান অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট খাদিজা তাহেরা বেবী বলেন, সোয়া তিন ঘণ্টায় ১৮ জন গণশুনানিতে অংশগ্রহণ করেন। যারা আসবেন প্রত্যেকেরই কথা আমরা শুনব।
গ্যাস লাইন ড্যামেজ করে মসজিদ নির্মাণ : গতকাল সোমবার বিকালে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের জেনারেল ম্যানেজার আব্দুল ওয়াহাব তালুকদার বলেছেন, সরেজমিনে আমরা দেখতে চাইছি মসজিদের নিচে গ্যাসের লাইন আছে কি না, সেখান থেকে গ্যাস বের হয়েছে কি না, মসজিদ তৈরির সময় আমাদের লাইনটাকে ক্ষতিগ্রস্ত করে তৈরি করা হয়েছে কি না। ঐ লাইনটা অন্তত ৩০ বছরের পুরোনো।
অবৈধ গ্যাস সংযোগ দুই মাসের মধ্যে অপসারণের নির্দেশ : দেশের সকল অবৈধ গ্যাস সংযোগ দুই মাসের মধ্যে অপসারণ করতে বিতরণ কোম্পানিগুলোকে সময়সীমা বেঁধে দিয়েছেন বিদ্যুত্, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। গতকাল সোমবার গ্যাস বিতরণ সংস্থাসমূহের কার্যক্রম নিয়ে আলোচনাকালে তিনি এ নির্দেশনা দেন।
সরকার দায় এড়াতে পারে না—বিএনপি : গতকাল সোমবার বিকালে নারায়ণগঞ্জের মসজিদে বিস্ফোরণের ঘটনাস্থল পরিদর্শন এবং আহত ও নিহতদের পরিবারকে অনুদান দিয়েছে বিএনপি। এ সময় বিএনপির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান বলেছেন, এই ঘটনায় সরকার কোনোভাবেই দায় এড়াতে পারে না। এ সময় কেন্দ্রীয় বিএনপির পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত প্রতি পরিবারকে ১০ হাজার টাকা করে অনুদান দেওয়া হয়।
