পশ্চিমবঙ্গ সরকারের আয়ের বড় একটা অংশ আসে মদ বিক্রি থেকে। আয় বাড়াতে রাজ্যের খুচরা ও পাইকারি মদ ব্যবসায়ীদের বিক্রির লক্ষ্যমাত্রা নির্ধারণ করে দিচ্ছে রাজ্য সরকার। রাজ্য আবগারি বিভাগের সূত্র অনুযায়ী, গত আর্থিক বছরে মদ বিক্রি বাবদ রাজস্ব আদায় হয়েছিল ১২ হাজার কোটি টাকা। এবার সেই লক্ষ্যমাত্রা রাখা হচ্ছে ২০ হাজার কোটি টাকা।
সূত্র জানিয়েছে, বড় বোতল এবং প্রিমিয়াম ব্রান্ডগুলোতে কর বাড়ানো হতে পারে। ছোট বোতলের মদের ওপর কর কমিয়ে বিক্রি বাড়িয়ে আয় বাড়ানোর কথা ভাবা হচ্ছে। প্রতিটি ব্যবসায়ীর জন্য আলাদা লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হচ্ছে। লক্ষ্যমাত্রা অনুযায়ী মদ বিক্রি করতে না পারলে জরিমানা করা হবে। দেওয়া হবে না উত্সাহ ভাতা। ব্যবসায়ীরা মনে করেন, বাড়তি কর প্রত্যাহার হলে বিক্রি বাড়বে, লক্ষ্যমাত্রা ছোঁয়া সম্ভব হবে।
