আশুলিয়ায় বকেয়া বেতন-ভাতার দাবিতে শ্রমিকদের অবস্থান

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২০, ২২:৩৮

সাভারের আশুলিয়ায় বকেয়া বেতন ও টার্মিনেশন ভাতাসহ অন্যান্য ন্যায্য পাওনার দাবিতে এবং শ্রমিক নির্যাতনের প্রতিবাদে অবস্থান কর্মসূচি পালন করেছে একটি পোশাক কারখানার শ্রমিকরা। গতকাল সোমবার দুপুরে নবীনগর-চন্দ্রা মহাসড়কসংলগ্ন আশুলিয়ার বাইপাইল বাসস্ট্যান্ড এলাকায় এ কর্মসূচি পালন করে ডিইপিজেডের এ ওয়ান বিডি লিমিটেড কারখানার ৫ শতাধিক শ্রমিক।  এতে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন গার্মেন্ট শ্রমিক সংহতি সভাপ্রধান তাসলিমা আখতার, গার্মেন্ট শ্রমিক আন্দোলনের সভাপতি অরবিন্দু ব্যাপারীসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ।

শ্রমিক নেতারা বলেন, ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (ডিইপিজেডের) এ ওয়ান বিডি লিমিটেড কারখানা কর্তৃপক্ষ ১ হাজার ১০০ শ্রমিকের ৮ মাসের বকেয়া বেতন-ভাতা নিয়ে তালবাহানা করছে। করোনার প্রাদুর্ভাবে অর্থসংকটে মানবেতর দিন পার করছে শ্রমিকরা। ডিইপিজেড ও বেপজা কর্তৃপক্ষের আশ্বাসে ১৭ বার শ্রমিকদের পাওনাদি পরিশোধের কথা থাকলেও তা বাস্তবায়ন হয়নি। পরে বাধ্য হয়ে বিভিন্ন সময় শ্রমিকরা আন্দোলন করলেও সুরাহা মেলেনি, উলটো শ্রমিক ছাঁটাই করেছে কর্তৃপক্ষ। সর্বশেষ গত ২০ আগস্ট বেতন  পরিশোধের কথা থাকলেও তা পরিশোধ করা হয়নি। কারখানাটির শ্রমিক উজ্জ্বল, ইমরান  ও রুবিনা জানান, দীর্ঘদিন বেতন না পেয়ে আমরা বাসাভাড়া, দোকান বকেয়াসহ পরিবার নিয়ে ভয়াবহ বিপর্যস্ত অবস্থায় রয়েছি। অনেকেই বাড়ি চলে গেছে। এ পরিস্থিতিতে বেতন না পেয়ে শ্রমিকরা দিশাহারা হয়ে পড়েছে। তারা দ্রুত তাদের বকেয়া বেতন-ভাতা পরিশোধের দাবি জানান।