করোনায় ইত্তেফাকের ঘাটাইল সংবাদদাতার শ্বশুরের ইন্তেকাল

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২০, ২২:৫৫

টাঙ্গাইলের ঘাটাইলে করোনা ভাইরাসের আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন বীর মুক্তিযোদ্ধা ও বনবিভাগের অবসরপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মজিবুর রহমান (ইন্না নিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি গতকাল রবিবার (৬ সেপ্টেম্বর) রাত ১১টা ৫০ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় বঙ্গবন্ধু মেডিক্যাল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন।তিনি দৈনিক ইত্তেফাকের ঘাটাইল সংবাদদাতা নুরুজ্জামান মিঞার শ্বশুর। 

মরহুমের পারিবারিক সূত্রে জানা যায়, তিনি হার্ডের সমস্যা সহ শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছিলেন। তিনি করোনা পজিটিভ হওয়ার পর তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে গত ১০ দিন আগে তাকে বঙ্গবন্ধু মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায়  তিনি মৃত্যুবরণ করেন।

আজ সোমবার (৭ সেপ্টেম্বর) বাদ যোহর ঘাটাইল সদর ইউনিয়নের জামালপুর হাফিজিয়া মাদ্রাসা মাঠে সাবেক বীট কর্মকর্তা ও মুক্তিযোদ্ধা মুজিবর রহমানের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। পরে রাষ্ট্রীয় মর্যাদায় শ্রদ্ধা নিবেদন শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৪ বছর। তিনি স্ত্রী, চার মেয়ে, এক ছেলে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গিয়েছেন।

ইত্তেফাক/এসআই