অবিলম্বে উচ্চপর্যায়ের বিশেষজ্ঞদের নিয়ে নারায়ণগঞ্জের মসজিদে বিস্ফোরণের ঘটনা তদন্তের দাবি জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, এ ঘটনা কি শুধু বিদ্যুতের জন্য, গ্যাসের জন্য, এসির জন্য হয়েছে অথবা এখানে কোনো স্যাবোটাজ বা নাশকতামূলক কাজ হয়েছে কি না, সে ব্যাপারটি কিন্তু জাতি জানতে পারছে না। আমরা মনে করি, এই ব্যাপারে উচ্চপর্যায়ের বিশেষজ্ঞ কমিটি দিয়ে অবিলম্বে তদন্ত কমিটি করা দরকার। সঠিকভাবে বিষয়টি তদন্ত করে দায়ী ব্যক্তিদের চিহ্নিত ও তাদের শাস্তি বিধান করা দরকার। মসজিদে বিস্ফোরণের ঘটনা নিয়ে সরকারের বক্তব্যগুলো বিভ্রান্তিকর। বেআইনিভাবে সরকারি জায়গার ওপর গ্যাসলাইনের ওপর মসজিদ করা হয়েছে—এটা তো এই মুহূর্তে বিবেচ্য বিষয় নয়। এই মুহূর্তের বিবেচ্য বিষয় হচ্ছে, বিস্ফোরণ ঘটল কীভাবে? গতকাল সোমবার গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
মির্জা ফখরুল ইসলাম বলেন, ‘মেজর অবসরপ্রাপ্ত সিনহার হত্যার ঘটনায় অনেকগুলো বিষয় সামনে চলে এসেছে। একটা হচ্ছে, স্পটে এক্সট্রা জুডিশিয়াল কিলিং। পুলিশকে এই অথরিটি কে দিয়েছে? ২ নম্বর হচ্ছে, হত্যার ইনডেমনিটি (দায়মুক্তি) দেওয়া হয়েছে কি না। আমরা জানি না, এই ধরনের দায়মুক্তি পুলিশের আছে কি না।’ বিএনপির মহাসচিব বলেন, ‘মেজর সিনহার এই ঘটনা সবার চোখ খুলে দিয়েছে, বিষয়টাকে একেবারে সামনে নিয়ে এসেছে। ২০০৮ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর থেকেই কিন্তু এসব ঘটনা ঘটছে। অবিলম্বে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বন্ধ ও যারা বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের ঘটনার সঙ্গে জড়িত, যথাযথ তদন্ত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি করেন ফখরুল।
