যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে ভয়াবহ দাবানলে রেকর্ড ২০ লাখ একরের চেয়ে বেশি পরিমাণ জমি পুড়ে গেছে। এখনো অনেক জায়গায় আগুন নিয়ন্ত্রণে লড়াই চালিয়ে যাচ্ছে দমকলবাহিনীর কর্মীরা । ক্যালিফোর্নিয়ার বনাঞ্চল এবং অগ্নিনির্বাপক দফতরের পক্ষ থেকে এমনটি জানানো হয়েছে।
গত ১৫ আগস্ট থেকে ক্যালিফোর্নিয়ার বিভিন্ন বনাঞ্চলে দাবানল শুরু হয়েছে। তখন থেকে এ পর্যন্ত প্রায় এক হাজারটি দাবানলের কবলে পড়েছে মার্কিন অঙ্গরাজ্যটি। বেশিরভাগ ক্ষেত্রে বজ্রপাত থেকে শুরু হয় এসব অগ্নিকাণ্ড।
দাবানলের পাশাপাশি ক্যালিফোর্নিয়া এখন ভয়াবহ তাপপ্রবাহের মুখে রয়েছে। গত রবিবার লস অ্যাঞ্জেলস কাউন্টিতে তাপমাত্রার নতুন রেকর্ড তৈরি হয়। এদিন ৪৯.৪ ডিগ্রি সেলসিয়াসে পৌছায় সেখানকার তাপমাত্রা। তবে মঙ্গলবার থেকে তাপমাত্রা কিছুটা কমতে পারে বলে আশা করা হচ্ছে। দমকল বিভাগ জানিয়েছে, ক্যালিফোর্নিয়ার ২৪ টি এলাকায় দাবানল পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে ১৪ হাজারের বেশি দমকল কর্মী।
ক্যালিফোর্নিয়ার দমকল বিভাগ জানিয়েছে, চলতি বছরের দাবানলে এখন পর্যন্ত ৮ জনের মৃত্যু হয়েছে। এছাড়া আরও ৩ হাজার ৩শ স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে।
ইত্তেফাক/এআর
