ইদ্রিস খট্টককে মুক্তি দিতে পাক সরকারের প্রতি জাতিসংঘের আহ্বান

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২০, ১৪:৪৪

পাকিস্তান সেনা বাহিনীর হাতে 'গুম' হওয়া শীর্ষস্থানীয় মানবাধিকার কর্মী ইদ্রিস খট্টককে নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘের মানবাধিকার বিশেষজ্ঞরা।      

গত বছরের নভেম্বরে পাকিস্তানের সামরিক গোয়েন্দা ইদ্রিস খট্টককে তুলে নিয়ে যায়। এরপর থেকে তার সঙ্গে বাইরে থেকে যোগাযোগ বা কোন তথ্য পাওয়া যায়নি।     

ইদ্রিস খট্টক অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এবং হিউম্যান রাইটস ওয়াচের একজন সাবেক কন্সাল্ট্যান্ট। 

জাতিসংঘের বিশেষজ্ঞরা বলেছেন, তারা ইদ্রিসের জীবন নিয়ে শঙ্কিত। এনিয়ে তারা ইদ্রিসের মুক্তি চেয়ে পাক সরকারের কাছে আহ্বান জানিয়েছেন।  

ইদ্রিসকে তুলে নিয়ে যাওয়ার ৭ মাস পর এই বছরের ১৬ জুন প্রথম বারের মত পাক কর্তৃপক্ষ স্বীকার করে ইদ্রিস তাদের  হেফাজতে  আছে।  

শুক্রবার জাতিসংঘের বিশেষজ্ঞরা এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, ইদ্রিস তাদের হেফাজতে আছে শুধুমাত্র এই টুকু স্বীকার করে পাকিস্তান তার মানবাধিকারের দায়বদ্ধতা এড়াতে পারে না।       

জাতিসংঘের বিশেষজ্ঞরা পাক কর্তৃপক্ষের প্রতি ইদ্রিসকে প্রকাশ্যে হাজির করে তার সুষ্ঠু বিচারের নিশ্চয়তা দেওয়ার আহ্বান জানান। 

এছাড়া সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, ইদ্রিসের সঙ্গে তার আইনজীবী এবং পরিবারের লোকের সঙ্গে কথা বলতে দেওয়া হচ্ছে না। এবং বাইরের কোন চিকিৎসকের মাধ্যমে তার মেডিক্যাল টেস্টও করতে দেওয়া হয়নি।  

ইত্তেফাক/এসআর