ডিএসসিসিকে স্বয়ংসম্পূর্ণ ও মর্যাদাশীল সংস্থা হিসেবে গড়ে তুলব :তাপস

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২০, ২১:৩৪

ইত্তেফাক রিপোর্ট

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনকে একটি স্বয়ংসম্পূর্ণ ও মর্যাদাশীল সংস্থা হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। গতকাল মঙ্গলবার নগরভবনের মেয়র হানিফ অডিটোরিয়ামে ডিএসসিসির আওতাধীন কর্মকর্তা-কর্মচারীর সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে ডিএসসিসির মেয়র এ মন্তব্য করেন।

তিনি বলেন, ‘আপনারা জনবলের সংকটসহ অনেক সমস্যার কথা বলেছেন। আমি খুব খুশি হতাম, যদি আপনারা বলতেন, ডিএসসিসির মর্যাদা ফিরিয়ে আনতে আপনারা নিরলসভাবে পরিশ্রম করবেন। ’

বঙ্গবন্ধু স্বাধীনতা দেওয়ার পরে সেই যুদ্ধবিধ্বস্ত অবস্থাতেই বলেছিলেন, আমি ভিক্ষুকের জাতি চাই না। আমি চাই বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণ হোক। আমার লক্ষ্য থাকবে, জাতির পিতার সেই স্বপ্ন ও প্রধানমন্ত্রীর রূপকল্প বাস্তবায়নে ডিএসসিসিকে একটি স্বয়ংসম্পূর্ণ ও মর্যাদাশীল সংস্থা হিসেবে গড়ে তোলা।’

ডিএসসিসির মেয়র বলেন, ‘দুষ্টের দমন সৃষ্টের লালন অব্যাহত থাকবে। যারা ভালো কাজ করবেন, যারা আন্তরিকতা, নিষ্ঠা ও সততার সঙ্গে দায়িত্ব পালন করবেন, আমরা তাদের অবশ্যই মূল্যায়ন করব। আর যারা দুর্নীতিগ্রস্ত থাকবেন, তাদের বিরুদ্ধে অনতিবিলম্বে ব্যবস্থা গ্রহণ করা হবে।’ রাজস্ব আদায় তদারকির লক্ষ্যে প্রতি তিন মাস অন্তর সব কর্মকর্তাকে নিয়ে পর্যালোচনা সভা করা হবে বলে তিনি জানান।

প্রধান রাজস্ব কর্মকর্তা আরিফুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে ডিএসসিসির নবনিযুক্ত প্রধান নির্বাহী কর্মকর্তা এ বি এম আমিন উল্লাহ নুরীও বক্তব্য রাখেন। সভায় অন্যান্যের মধ্যে করপোরেশনের সচিব আকরামুজ্জামানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।