দক্ষিণ কেরানীগঞ্জে অবৈধ স্থাপনা উচ্ছেদ

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২০, ২১:৪১

কেরানীগঞ্জ (ঢাকা) সংবাদদাতা

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানার হাসনাবাদ এলাকায় পোস্তগোলা সেতুর নিচে ইট, বালু, পাথর ও সিমেন্ট রেখে রাস্তা দখল করার দায়ে ১০ প্রতিষ্ঠান থেকে ৮ লাখ ৬২ হাজার টাকা জরিমানা আদায় করেছেন বিআইডব্লিউটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুব জামিল।

গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টা থেকে বিকাল ৫টা পর্যন্ত হাসনাবাদ এলাকায় ৫২টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। বিআইডব্লিউটিএর উপপরিচালক শহীদ উল্লাহ জানান, অবৈধ দখলদাররা হাসনাবাদ এলাকায় বুড়িগঙ্গা নদী ও সেতুর পিলার ঘেঁষে এবং পোস্তগোলা সেতুর নিচের অংশ দখল করে ইট, বালু, পাথর ও সিমেন্ট মজুত করে রেখেছিল। তিনি বলেন, উচ্ছেদের সময় দেওয়ালচাপায় এক শ্রমিক আহত হয়েছে। তাকে চিকিত্সার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।