অবৈধ সম্পদ অর্জনসহ বিভিন্ন দুর্নীতির অভিযোগে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক প্রধান রাজস্ব কর্মকর্তা ইউসুফ আলী সরদারকে জিজ্ঞাসাবাদ করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত দুদকের প্রধান কার্যালয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। দুদকের সহকারী পরিচালক সৈয়দ নজরুল ইসলাম তাকে জিজ্ঞাসাবাদ করেন।
উল্লেখ্য, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নতুন মেয়র শেখ ফজলে নূর তাপস দায়িত্ব গ্রহণের পর গত ১৭ মে অফিসের প্রথম দিনেই দুর্নীতির বিভিন্ন অভিযোগে দুজনকে চাকরিচ্যুত করেন। তাদের একজন ছিলেন আলোচিত ইউসুফ আলী সরদার।
দুদক সূত্র জানায়, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক প্রধান রাজস্ব কর্মকর্তা ইউসুফ আলী সরদারের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনসহ বিভিন্ন দুর্নীতির অভিযোগ রয়েছে কমিশনের। এসব অভিযোগ অনুসন্ধানের স্বার্থে গত ১ সেপ্টেম্বর জিজ্ঞাসাবাদের জন্য ইউসুফ আলী সরদারকে তলব করে দুদক। দুদকের পাঠানো নোটিশে ইউসুফ আলী সরদারের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার এবং সিটি করপোরেশনের বিপুল পরিমাণ অর্থ আত্মসাতের অভিযোগ আনা হয়েছে।
নোটিশে অভিযোগের সংক্ষিপ্ত বিবরণীতে বলা হয়, ‘ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক প্রধান রাজস্ব কর্মকর্তার চলতি দায়িত্বে থাকা ইউসুফ আলী সরকার (বর্তমানে চাকরিচ্যুত) ক্ষমতার অপব্যবহার, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে করপোরেশনের কোটি কোটি টাকা আত্মসাৎপূর্বক শতকোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে।
ইত্তেফাক/ইউবি
