আসন্ন ১০ অক্টোবর অনুষ্ঠেয় চাঁদপুর পৌরসভা নির্বাচনে অংশ নিবে বিএনপি। ইতিমধ্যে মেয়র পদে বিএনপির দলীয় ফরম বিতরণ শুরু হয়েছে। মনোনয়নপত্র সংগ্রহ করেছেন জেলা বিএনপির সাবেক সহসাংগঠনিক সম্পাদক হাজী মোশারফ হোসেন, চাঁদপুর পৌর বিএনপির সভাপতি আক্তার হোসেন মাঝি, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক কাজী মোহাম্মদ ইব্রাহীম জুয়েল ও সদর উপজেলা বিএনপির সভাপতি শাহজালাল মিশন। জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ আহমেদ মানিক বলেন, দলীয় মনোনয়ন ফরম বিতরণ শুরু হয় ৬ সেপ্টেম্বর। বুধবার মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাত্কার হবে। স্থানীয়ভাবে প্রার্থী চূড়ান্ত করা গেলে প্রার্থিতা ঘোষণা করা হবে ১০/১১ সেপ্টেম্বর।
এদিকে ঘোষিত তপশিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ১৫ সেপ্টেম্বর, রিটার্নিং অফিসার কর্তৃক মনোনয়নপত্র বাছাইয়ের তারিখ ১৭ সেপ্টেম্বর ও প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৪ সেপ্টেম্বর। গত ২৯ মার্চ চাঁদপুর পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। নির্বাচনে বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী সফিকুর রহমান ভূঁইয়া গত ১৩ মার্চ ইন্তেকাল করেন।
