ইউএস ওপেনে নিজের ফর্ম অব্যাহত রেখেছেন নাওমি ওসাকা। মঙ্গলবার যুক্তরাষ্ট্রের শেলবি রজার্সকে হারিয়ে ঐতিহ্যবাহী এই আসরের নারী এককে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করেছেন তিনি।
আর্থার অ্যাশ স্টেডিয়ামে এক ঘণ্টা ২০ মিনিট লড়াই শেষে শেলবিকে সরাসরি ৬-৩, ৬-৪ গেমে হারান নারীদের সাবেক এক নম্বর তারকা ওসাকা। এ জয়কে জাপানি এই সেনসেশন ‘প্রতিশোধ’ হিসেবেই দেখছেন । কেননা যুক্তরাষ্ট্রের এই প্রতিপক্ষকে এর আগের তিনবারের লড়াইয়ে একবারও হারাতে পারেননি ২০১৮ সালের ইউএস ওপেন জেতা এই খেলোয়াড়।
বিশ্ব র্যাংকিংয়ে নবমস্থানে থাকলেও কোয়ার্টার ফাইনালে ৯৩ র?্যাংকিংধারী শেলবিকে নিয়ে সতর্ক ছিলেন ওসাকা, ‘সত্যি। আমার মনে হচ্ছিল, এই লড়াইয়ে সে আমার চেয়ে এগিয়ে। কেননা, আমি তাকে কখনোই হারাতে পারিনি। আগের স্মৃতিগুলো আমার মাথায় বোঝা হয়ে ছিল। তাই এই জয়টাকে আমি কিছুটা হলেও প্রতিশোধ বলব।’
ফাইনালে ওঠার লড়াইয়ে ওসাকা লড়বেন ২৮তম বাছাই যুক্তরাষ্ট্রের আরেক খেলোয়াড় জেনিফার বার্ডির সঙ্গে। ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী শুক্রবার। এদিকে, পুরুষ এককে প্রথমবারের মতো ইউএস ওপেনের সেমিফাইনালে ওঠেছেন আলেক্সান্ডার জেভেরভ। ক্রোয়েশিয়ার বোরনা কোরিচকে ১-৬, ৭-৬, ৭-৬ ও ৬-৩ গেমে হারান এ জার্মান তারকা।
