কুষ্টিয়ার মিরপুরে ৩টি সরকারি প্রতিষ্ঠানসহ ৪টি দফতরে চুরি ঘটনা ঘটেছে। বুধবার মধ্যরাতে উপজেলা চেয়ারম্যানের কার্যালয়, উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা কার্যালয় ও সুলতানপুর সিদ্দিকীয়া ফাযিল মাদরাসায় চুরি ঘটনা ঘটে।
জানা গেছে, সুলতানপুর সিদ্দিকীয়া ফাযিল মাদরাসায় কিছু নগদ অর্থ চুরি হয়েছে। বাকি ৩টি প্রতিষ্ঠানে কোন মালামাল খোয়া যায়নি। এর মধ্যে পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ের প্রধান ফাটাক ও আলমিরার তালা ভেঙ্গে মালামাল তছনছ করেছে চোরের দল। এছাড়া উপজেলা চেয়ারম্যানের ২০১ নং কক্ষ ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের ২০৪ নং কক্ষের তালা ভাঙ্গলেও দরজার লক ভাঙ্গতে ব্যর্থ হওয়ায় ভেতরে প্রবেশ করতে পারেনি চোর।
আরো পড়ুন: অফিসের বাইরে আর ধরতে হবে না ‘বস’-এর ফোন!
উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম জামাল আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
মিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম জানান, সিসি টিভি ফুটেজ দেখে চোরকে সনাক্ত ও আটকের চেষ্টা করা হচ্ছে।
প্রসঙ্গত, ২০১৭ সালের ৯ অক্টোবর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়সহ ২টি সরকারি দপ্তরে চুরি সংঘটিত হয়েছিলো।
ইত্তেফাক/বিএএফ
