আশুলিয়ায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২০, ২১:৫৩

সাভারে আশুলিয়ার বিভিন্ন এলাকায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নকরণ অভিযান চালিয়েছে তিতাস। গতকাল বুধবার আশুলিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড দুর্গাপুর পশ্চিম চালা, জহরচান্দা ও বেলমা এলাকায় এ অভিযান চালানো হয়। আশুলিয়া রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহিদ হাসান প্রিন্সের নেতৃত্বে দিনব্যাপী চলা এ অভিযানে প্রায় আড়াই কিলোমিটার এলাকায় বিভিন্ন বাসাবাড়িতে দেওয়া সহস্রাধিক অবৈধ সংযোগ বিচ্ছিন্ন এবং নিম্নমানের পাইপ, রাইজার ও চুলা জব্দ করা হয়েছে।

তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের সাভার জোনাল অফিসের ব্যবস্থাপক (বিপণন) প্রকৌশলী আবু সাদাত মো. সায়েম জানান, আশুলিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড দুর্গাপুর জহর চান্দা এলাকায় আড়াই কিলোমিটার এলাকার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছি। আমাদের মূল সরবরাহ লাইন থেকে নিম্নমানের এবং ঝুঁকিপূর্ণ পাইপ ব্যবহার করে একটি অসাধু চক্র বিভিন্ন বাসাবাড়িতে এসব অবৈধ সংযোগ প্রদান করে আসছে। এখন পর্যন্ত এই এলাকায় চার বার উচ্ছেদ অভিযান পরিচালনা করা হলেও চক্রটি রাতের আঁধারে আবার সংযোগ প্রদান করে। তিনি আরো বলেন, জানুয়ারি ২০১৯ থেকে ২১ মার্চ ২০২০ পর্যন্ত অবৈধ গ্যাস সংযোগ দাতাদের বিরুদ্ধে প্রায় ২৫টি মামলা এবং বেশ কয়েক জনকে গ্রেফতার করে পুলিশ। কিন্তু পরবর্তী সময়ে কয়েক দিনের মধ্যেই তারা জামিনে বের হয়ে আবারও একই কাজ করে। সাভার ও আশপাশের এলাকার সব অবৈধ সংযোগ বিচ্ছিন্নকরণে তিতাসের অভিযান অব্যাহত থাকবে বলে জানান এই কর্মকর্তা।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহিদ হাসান প্রিন্স জানান, সরকারের জিরো টলারেন্স নীতি অনুযায়ী অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন অভিযান পরিচালিত হচ্ছে। যারা অবৈধ গ্যাস সংযোগ গ্রহণ এবং যারা এগুলো প্রদান করছেন, বাংলাদেশ গ্যাস আইনে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। অভিযানকালে তিতাসের কর্মকর্তা, কারিগরি টিমের সদস্য এবং প্রায় অর্ধশতাধিক শ্রমিক অংশ নেন।