সাভারে পাচারকারী চক্রের কবল থেকে তিন নারী উদ্ধার

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২০, ২১:৫৬

সাভার থেকে ভারতে পাচারের সময় আন্তর্জাতিক নারী পাচারকারী চক্রের কবল থেকে তিন নারীকে উদ্ধার করেছে র্যাব। এ সময় পাচার চক্রের সদস্য সিরাজুল ইসলাম সিরাজকে (৪২) আটক করা হয়েছে। গতকাল বুধবার ভোরে সাভারের আমিনবাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করেন র্যাব-৪ সাভার ক্যাম্পের সদস্যরা।

র্যাব-৪-এর সিনিয়র সহকারী পুলিশ সুপার উনু মং বলেন, আন্তর্জাতিক নারী পাচারকারী চক্রের সদস্য সিরাজুল ইসলাম দীর্ঘদিন ধরে ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশে সমাজের অসহায় নারীদের বিদেশে ভালো বেতনে চাকরি দেওয়ার আশ্বাস দিয়ে পাচার করে আসছিলেন। এ ব্যাপারে ভুক্তভোগীরা র্যাব-৪-এর কাছে লিখিত অভিযোগ দিলে র্যাব পাচারকারী চক্রের হোতা সিরাজুল ইসলাম সিরাজকে ধরতে মাঠে নামে। পরে বুধবার ভোরে তিন নারীকে ভারতে পাচারের উদ্দেশ্যে আমিনবাজার থেকে একটি গাড়িতে উঠানোর সময় হাতেনাতে সিরাজকে আটক করা হয়। গ্রেফতারকৃত সিরাজুল ইসলাম যশোর জেলার অভয়নগর থানার রাজারঘাট গ্রামের আব্দুল আজিজ বিশ্বাসের ছেলে। এ ঘটনায় আটক সিরাজের বিরুদ্ধে সাভার মডেল থানায় মামলা করা হয়েছে।