মুন্সীগঞ্জের গজারিয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গাড়িচাপায় এক ছিনতাইকারি নিহত হয়েছে। নিহত ছিনতাইকারীর নাম, মো. টিটু মিয়া (২৮)। সে কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার সবজিকান্দি এলাকার মো. হুমায়ুন কবিরের ছেলে।
থানা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বালুয়াকান্দি এলাকায় সরদার সিএনজি পাম্পের পাশে অজ্ঞাত মরদেহটি পড়ে থাকতে দেখে পথচারীরা। থানায় খবর দেওয়া হলে উপ-পরিদর্শক হাফিজুল ইসলাম মোল্লা মরদেহটি উদ্ধার করেন। পরে খবর পেয়ে নিহত ব্যাক্তির বাবা হুমায়ুন কবির গজারিয়া থানায় এসে মরদেহটি শনাক্ত করেন।
নিহত ব্যক্তির বাবা জানান, ‘তার ছেলে একটি বোর্ড ছিনতাই মামলায় দীর্ঘ ৬মাস জেল খেটে ১১ডিসেম্বর কুমিল্লা কারাগার থেকে বাড়িতে এসেছেন। তার ছেলে রাতে কি কাজে গজারিয়া এসেছে তা তার জানা নেই।’
উপ-পরিদর্শক হাফিজুল ইসলাম মোল্লা বলেন, ‘খবর পেয়ে মরদেহটি উদ্ধার করেছি। মরদেহটি দেখে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে গাড়ির চাকায় পিষ্ট হয়ে তার মৃত্যু হয়েছে। খোঁজ নিয়ে জানা গেছে তিনি বোর্ড ছিনতাইকারী চক্রের সদস্য। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ছিনতাইসহ একাধিক মামলা রয়েছে।’
আরও পড়ুনঃ ভেড়ামারায় ৩য় শ্রেণির ছাত্রীকে ধর্ষণ, ধর্ষক আটক
গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হারুন অর রশিদ জানান, ‘মরদেহটি ও তার জীবন দেখে মনে হচ্ছে সে গজারিয়ায় ছিনতাই করতে এসে গাড়িচাপায় নিহত হয়েছে। এ বিষয়ে একটি অপমৃত্যু মামলা করা হয়েছে। মরদেহটি তার পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।’
ইত্তেফাক/নূহু
